× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কায় প্রাণঘাতী ইস্টার সানডে হামলায় ১৫ জন দোষী সাব্যস্ত

আল জাজিরা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৩ পিএম

শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলা মামলার রায় ঘোষণার সময় আসামিদের আদালতে হাজির করার পর কলম্বো হাইকোর্টের বাইরে নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ২২ সেপ্টেম্বর ২০২৬। ছবি: ইশারা এস. কোডিকরা/এএফপি/আল জাজিরা

শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলা মামলার রায় ঘোষণার সময় আসামিদের আদালতে হাজির করার পর কলম্বো হাইকোর্টের বাইরে নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ২২ সেপ্টেম্বর ২০২৬। ছবি: ইশারা এস. কোডিকরা/এএফপি/আল জাজিরা

শ্রীলঙ্কায় ২০১৯ সালে ইস্টার সানডের দিনে সংঘটিত ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির হাইকোর্ট। ওই হামলায় ৪৫ জন বিদেশি নাগরিকসহ অন্তত ২৭৯ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

পাঁচ বছরব্যাপী দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মঙ্গলবার তিন বিচারকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত জানায়, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ১৪ জন তাদের বিরুদ্ধে আনা সব কটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সন্ত্রাস দমন আইনের আওতায় আনা এসব অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, সন্ত্রাসবাদের ষড়যন্ত্র এবং আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সঙ্গে রাখা।

এ ছাড়া ১৫তম এক আসামির বিরুদ্ধে আনা কিছু নির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে বাকি নয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তিদের সবাই শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। মামলায় প্রাথমিকভাবে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও বিচার চলাকালে একজন পুলিশ হেফাজতে মারা যান।

সব কটি অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাউফার। সরকারপক্ষের কৌঁসুলিরা তাকে এই হামলার মূল পরিকল্পনাকারী বা দলনেতা (রিংলিডার) হিসেবে চিহ্নিত করেছেন, যিনি হামলা চালানো আট সদস্যের দলটিকে প্রয়োজনীয় সহায়তা জুগিয়েছিলেন।

রায় ঘোষণার সময় জনাকীর্ণ এজলাসে প্রধান বিচারক জানান, মঙ্গলবারই পরবর্তী সময়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাজার মেয়াদ নির্ধারণ করা হবে। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণের বাইরে কয়েক ডজন পুলিশ কমান্ডো মোতায়েন করে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়।

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে শ্রীলঙ্কার রোমান ক্যাথলিক চার্চ। বার্তা সংস্থা এএফপিকে ক্যাথলিক পুরোহিত জুড ফার্নান্দো বলেন, “অবশেষে আমরা ন্যায়বিচার পেলাম। এই পর্যায়ে পৌঁছাতে দীর্ঘ সময় পার করতে হয়েছে।”

হামলায় মাথায় গুরুতর আঘাত পাওয়া তেরেসা ফার্নান্দো নামের এক ভুক্তভোগী বলেন, তিনি যে নির্মম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তা যেন আর কাউকে সহ্য করতে না হয়। তিনি বলেন, “হামলার শিকার হিসেবে আমরা আজ এখানে ন্যায়বিচার পেতেই এসেছি। আদালত যে সিদ্ধান্তই দেন, আমরা তা মাথা পেতে গ্রহণ করব।”

হোটেল ও গির্জায় হামলা

২০১৯ সালের এপ্রিলে শ্রীলঙ্কার তিনটি বিলাসবহুল হোটেল এবং তিনটি গির্জায় (দুটি ক্যাথলিক ও একটি প্রোটেস্ট্যান্ট) সুসমন্বিত আত্মঘাতী এ বোমা হামলা চালানো হয়েছিল। শ্রীলঙ্কাভিত্তিক দুটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এসব হামলা চালানোর অভিযোগ আনা হয়।

পরবর্তী সময়ে একটি সংসদীয় কমিটির তদন্তে দেখা যায়, আসন্ন হামলার বিষয়ে দফায় দফায় সুনির্দিষ্ট তথ্য পাওয়া সত্ত্বেও পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন। তবে কোনো সুস্পষ্ট প্রমাণ না দিয়ে শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চ এখনো দাবি করে আসছে, যাদের হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা মূল নেপথ্য পরিকল্পনাকারী নয়, বরং এ হামলার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র রয়েছে।

এর আগে সম্ভাব্য হামলার বিষয়ে বিদেশি সংস্থার দেওয়া গোয়েন্দা সতর্কবার্তায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে গত জুলাই মাসে দেশটির সাবেক এক পুলিশপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সাবেক শীর্ষ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা