× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিলুপ্তির মুখ থেকে ফিরে নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ ব্ল্যাক রবিন

দ্য গার্ডিয়ান

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৫ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৭ পিএম

নিউজিল্যান্ডের ২০২৬ সালের ‘বর্ষসেরা পাখি’ নির্বাচিত হলেও ব্ল্যাক রবিন এখনো ‘পুরোপুরি বিপদমুক্ত নয়’ বলে জানিয়েছে চ্যাথাম আইল্যান্ডস ল্যান্ডস্কেপ রিস্টোরেশন ট্রাস্ট। ছবি: অস্কার থমাস/এপি/দ্য গার্ডিয়ান

নিউজিল্যান্ডের ২০২৬ সালের ‘বর্ষসেরা পাখি’ নির্বাচিত হলেও ব্ল্যাক রবিন এখনো ‘পুরোপুরি বিপদমুক্ত নয়’ বলে জানিয়েছে চ্যাথাম আইল্যান্ডস ল্যান্ডস্কেপ রিস্টোরেশন ট্রাস্ট। ছবি: অস্কার থমাস/এপি/দ্য গার্ডিয়ান

একসময় এটি ছিল বিশ্বের সবচেয়ে বিরল পাখি। অনন্য এক সংরক্ষণ উদ্যোগের মাধ্যমে নিশ্চিত বিলুপ্তির মুখ থেকে ফিরে আসা সেই ‘ব্ল্যাক রবিন’ এবার রেকর্ডসংখ্যক ভোটে নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ (বার্ড অব দ্য ইয়ার) নির্বাচিত হয়েছে।

কালো পালকের মায়াবী ‘গথ’

ক্ষুদ্রাকৃতির এই পাখিটি কেবল নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত চ্যাথাম দ্বীপপুঞ্জেই দেখতে পাওয়া যায়। মাওরি ভাষায় এটিকে বলা হয় ‘কাকারুইয়া’ এবং চ্যাথামের আদিবাসী ভাষা মরিরোরিতে এর নাম ‘কারুরে’। চমৎকার কুচকুচে কালো পালক, কালো চোখ এবং ছোট চোখা কালো ঠোঁটের কারণে নিউজিল্যান্ডের পাখির জগতে এটি ‘গথ’ নামেও বেশ পরিচিত।

নামে মিল থাকলেও বিশ্বের অন্যান্য অঞ্চলের রবিন পাখির পরিবারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই; এটি সম্পূর্ণ স্বতন্ত্র একটি প্রজাতি। চ্যাথাম দ্বীপপুঞ্জের ক্ষতিকর প্রাণীমুক্ত দুটি সংরক্ষিত উপকূলীয় নিম্নভূমির বনাঞ্চলেই এদের একমাত্র বসবাস।

এক জোড়া পাখি থেকে ৩৫০

বাসস্থান ধ্বংস এবং বাইরে থেকে আসা ক্ষতিকর প্রাণীদের আক্রমণের কারণে একসময় এই পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়। অবস্থা এতটাই বেগতিক ছিল যে ১৯৭০–এর দশকে গোটা বিশ্বে মাত্র পাঁচটি ব্ল্যাক রবিন বেঁচে ছিল। যার মধ্যে বংশবৃদ্ধিতে সক্ষম ছিল কেবল একটিমাত্র জোড়া—যাদের নাম রাখা হয়েছিল ‘ওল্ড ব্লু’ (স্ত্রী পাখি) ও ‘ওল্ড ইয়েলো’ (পুরুষ পাখি)।

পরবর্তীতে এই পাখিদের বাঁচাতে একটি অভিনব কৃত্রিম প্রজনন কর্মসূচি শুরু করা হয়। সেখানে রবিন পাখির ডিম ফুটিয়ে বাচ্চা বড় করার জন্য অন্য প্রজাতির পাখিদের ‘পালক অভিভাবক’ হিসেবে ব্যবহার করা হয়, যা অভাবনীয় সাফল্য এনে দেয়। সেই উদ্যোগের সুবাদে বর্তমানে এদের সংখ্যা বেড়ে ৩৫০টি প্রাপ্তবয়স্ক পাখিতে দাঁড়িয়েছে। তবে ইতিবাচক অগ্রগতি হলেও প্রজাতিটি এখনো ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবেই তালিকাভুক্ত রয়েছে।

সংকট এখনো কাটেনি

চ্যাথাম আইল্যান্ডস ল্যান্ডস্কেপ রিস্টোরেশন ট্রাস্টের মুখপাত্র জেস ম্যাকেঞ্জি বলেন, “এগুলো সত্যিই খুব সুন্দর পাখি।” তিনি জানান, বিগত কয়েক বছর ধরেই ব্ল্যাক রবিন সেরা পাঁচ পাখির তালিকায় জায়গা করে নিলেও কখনো বিজয়ী হতে পারেনি। তবে এবার সেই আক্ষেপ ঘুচল। তিনি বলেন, “এটি এমন এক পাখি, যাকে নিউজিল্যান্ডের মানুষ একনামে চেনে এবং সত্যিই খুব ভালোবাসে।”

তবে সংখ্যা বাড়লেও ব্ল্যাক রবিন এখনো পুরোপুরি বিপদমুক্ত নয় বলে সতর্ক করেছেন ম্যাকেঞ্জি। তিনি জানান, দ্বীপগুলোতে পাখিদের বর্তমান আবাসস্থল ধারণক্ষমতার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই প্রজাতিকে টিকিয়ে রাখতে ক্ষতিকর প্রাণীমুক্ত তৃতীয় আরেকটি দ্বীপের ব্যবস্থাপনা এখন জরুরি হয়ে পড়েছে।

২০ বছরে রেকর্ড ভোট

ক্ষতিকর প্রাণীর আক্রমণ, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এবং আবাসন হারানোর কারণে নিউজিল্যান্ডের যেসব দেশীয় পাখি বিলুপ্ত হয়ে গেছে কিংবা চরম অস্তিত্ব সংকটে রয়েছে, তাদের রক্ষায় সচেতনতা বাড়াতে ২০ বছর আগে এই প্রতিযোগিতার সূচনা করে পরিবেশবাদী সংস্থা ‘ফরেস্ট অ্যান্ড বার্ড’।

২০২৬ সালের এই আয়োজনে অতীতের সব রেকর্ড ভেঙে ১ লাখ ৫ হাজার ভোট জমা পড়ে। যার প্রায় ৮৮ শতাংশ ভোটই দিয়েছেন নিউজিল্যান্ডের স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা