× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলিমার পর ইমরান খানের আরও দুই বোন আটক

ডন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৬ পিএম

রাওয়ালপিন্ডিতে পুলিশের ব্যারিকেডের সামনে বসে আছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান (মাঝখানে)। ৯ ডিসেম্বর ২০২৫।
ছবি: ডন

রাওয়ালপিন্ডিতে পুলিশের ব্যারিকেডের সামনে বসে আছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান (মাঝখানে)। ৯ ডিসেম্বর ২০২৫। ছবি: ডন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের আরও দুই বোন ড. উজমা খান ও নূরীন নিয়াজীকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। 

আগামী ২৭ সেপ্টেম্বর দলটির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগে সোমবার লাহোর থেকে তাদের আটক করা হয়।

এর আগে রবিবার লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) নির্দেশে ইমরান খানের আরেক বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক বা গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়েছিল।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের হাতে আসা ২০ সেপ্টেম্বরের এক আদেশের বরাত দিয়ে জানা গেছে, ‘পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশ, ১৯৬০’–এর আওতায় উজমা ও নূরীনকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছে লাহোরের ডিসি কার্যালয়। আদেশে উল্লেখ করা হয়, তারা দুজন ‘জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ক্ষতিকর’। এই আইনের অধীনে প্রশাসন চাইলে যে কাউকে আটক করতে পারে এবং এ ধরনের আদেশের বিরুদ্ধে বিচার বিভাগীয় পর্যালোচনার সুযোগও সীমিত।

আদেশে জানানো হয়েছে, এই দুই নারীকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের সুপারের তত্ত্বাবধানে হেফাজতে রাখা হবে।

প্রশাসনের ওই আদেশে অভিযোগ করা হয়, তারা দুজন গত বছরের ৯ মের সহিংস বিক্ষোভে জড়িত ছিলেন এবং সরকারি সম্পত্তি ধ্বংস করতে দলীয় কর্মীদের উসকানি দিয়েছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও সভা-সমাবেশের মাধ্যমে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান তুলে সাধারণ মানুষকে উসকে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করছিলেন তারা। এসব ঘটনায় লাহোরের রেস কোর্স থানাসহ তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

লাহোরের ডিসি মুহাম্মদ আলী ইজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পুলিশের উপস্থাপিত তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের জনশান্তির জন্য ‘হুমকি’ বিবেচনা করে এই আটকের সিদ্ধান্ত নেওয়া হয়।

কারাবন্দী ইমরান খানের মুক্তি ও সংবিধান সমুন্নত রাখার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে পিটিআই। দলটির দাবি, পূর্বঘোষিত এই কর্মসূচি নস্যাৎ করতেই সরকার নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে।

এদিকে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম আজ ভোরে এক্সে (সাবেক টুইটার) অভিযোগ করেন, পাঞ্জাব পুলিশ ইমরান খানের দুই বোনের পাশাপাশি তাদের সন্তান এবং আলিমা খানের ছেলেদেরও গ্রেপ্তার করেছে। তাদের সাঁজোয়া যানে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

পিটিআইয়ের আইনজীবী আওয়াইস ইউনুস চৌধুরী ডনকে নিশ্চিত করেন, ইমরান খানের তিন বোনকেই গ্রেপ্তার করা হয়েছে। নূরীন নিয়াজী ও উজমা খানকে প্রথমে তাঁদের নিজ বাড়িতে অবরুদ্ধ রাখা হলেও সোমবার সকালে তাদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়।

ইমরান খানের ছেলে কাশিম খান সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, তার ফুফুদের মূলত ‘অপহরণ’ করা হয়েছে। তিনি লেখেন, “কোনো ব্যাখ্যা ছাড়াই কর্তৃপক্ষ আমার ফুফু ও ভাইদের বাড়িতে ঢুকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গেছে। কোনো গ্রেপ্তারি কারণ জানানো হয়নি এবং তাঁদের কোথায় রাখা হয়েছে, তাও প্রকাশ করা হচ্ছে না।”

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেন, দেশের এই মুহূর্তে নতুন করে সংঘাত নয়, বরং রাজনৈতিক উত্তেজনার অবসান প্রয়োজন। পিটিআই নেতা ও তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার পরিস্থিতিকে কেবল আরও ঘোলাটে করবে। রাষ্ট্রকে অবিলম্বে এই দমনমূলক অবস্থান পরিবর্তনের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা