আনাদোলু
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯ পিএম
পূর্ব সাগর অভিমুখে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
রবিবার পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে দেশটির সামরিক বাহিনী জানায়, পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র (প্রজেক্টাইল) নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, রবিবার দুপুরে ওনসান উপকূলীয় এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এটি প্রায় ৪৫০ কিলোমিটার (২৭৯ মাইল) পথ অতিক্রম করেছে। ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট ধরন ও অন্যান্য কারিগরি বৈশিষ্ট্য যাচাইয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশদ বিশ্লেষণ চালাচ্ছে।
জেসিএস আরও জানায়, উৎক্ষেপণের প্রাথমিক পর্যায় থেকেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিবিড়ভাবে নজরদারিতে রাখে এবং পারস্পরিক তথ্য আদান-প্রদান করে। পরে এ-সংক্রান্ত তথ্য জাপানের সঙ্গেও বিনিময় করা হয়।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, “আমরা উত্তর কোরিয়ার সার্বিক তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সিউল ও ওয়াশিংটনের সুদৃঢ় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় যেকোনো ধরনের উসকানির কঠোর জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে আমাদের।”
এদিকে জাপানের বার্তা সংস্থা কিয়োদো নিউজ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে গিয়ে সাগরে পড়েছে বলে ধারণা করছে টোকিও।
এর আগে গুয়ামের কাছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ নৌমহড়ার (২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর) তীব্র নিন্দা জানিয়েছিল উত্তর কোরিয়া। তবে নতুন করে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।