× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত অন্তত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪১ পিএম

রাশিয়ার ড্রোন হামলার শিকার একটি শপিং মলের ঘটনাস্থলে কাজ করছেন দমকলকর্মী। ছবি: রয়টার্স

রাশিয়ার ড্রোন হামলার শিকার একটি শপিং মলের ঘটনাস্থলে কাজ করছেন দমকলকর্মী। ছবি: রয়টার্স

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণ চালিয়েছে রাশিয়া। এসব হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বাণিজ্যিক স্থাপনা। কৃষ্ণসাগরেও বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে রাশিয়া।

শনিবার ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাতভর দেশটির বিভিন্ন এলাকায় বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়া ও রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া থেকে মোট ১৭৪টি ড্রোন পাঠানো হয়। পাশাপাশি রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে দুটি জিরকন অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের বিমানবাহিনীর ভাষ্য, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৪১টি ড্রোন ও অন্যান্য আকাশপথের লক্ষ্যবস্তু ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে। ১৫টি এলাকায় ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটে এবং আরও নয়টি এলাকায় ধ্বংসাবশেষ পড়ে। তবে রুশ বাহিনীর নিক্ষেপ করা জিরকন ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে ইউক্রেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী কৃষ্ণসাগরে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ইউক্রেনীয় শুকনো পণ্যবাহী জাহাজ ওডেসার দিকে যাচ্ছিল এবং অপরটি ওডেসা বন্দরে নোঙর করা একটি ট্যাংকার। রাশিয়ার দাবি, দুটি জাহাজেই সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। হামলায় ‘গেরান-৪’ ধরনের অনুসন্ধানী লয়টারিং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মস্কো।

খারকিভে নিহত ৫

খারকিভ অঞ্চলে রুশ হামলায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ। তার দাবি, ১৪টি জনবসতিতে হামলা চালানো হয়েছে। এতে বালাকলিয়া ও লিপকুভাতিভকার মতো শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খেরসন অঞ্চলেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। গভর্নর ওলেকসান্দর প্রকুদিন জানান, ২৫টি জনপদে হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হামলায় বহুতল ভবন, ব্যক্তিগত বাড়ি, একটি মোবাইল ফোন টাওয়ার ও গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।


দিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও ব্যাপক হামলার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর গানঝার ভাষ্য অনুযায়ী, চারটি এলাকায় ১০টির বেশি হামলা চালানো হয়। এসব হামলায় ড্রোন, কামান ও বিমান থেকে নিক্ষেপ করা বোমা ব্যবহার করা হয়েছে। এতে দুজন আহত হয়েছেন।

হামলায় দিনিপ্রো শহরের কয়েকটি গুদাম, পাভলোহরাদের একটি বহির্বিভাগের চিকিৎসাকেন্দ্র, নিকোপোলের একটি শপিং সেন্টার এবং ক্রিভি রিহ ও সিনেলনিকির বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার হামলার পর সতর্ক পোল্যান্ড

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বিমান হামলার পর সীমান্তবর্তী পোল্যান্ডও উচ্চ সতর্কতায় যায়। দেশটির সামরিক বাহিনী যুদ্ধবিমান উড্ডয়ন করে এবং আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখে।

পোল্যান্ডের অপারেশনাল কমান্ড জানিয়েছে, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার জেটচালিত ড্রোন হামলার প্রেক্ষাপটে পোলিশ আকাশসীমায় সামরিক বিমান চলাচল শুরু করা হয়। একই সঙ্গে স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ও রাডার নজরদারি ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে নেওয়া হয়।

তবে কিছু সময় পর ওই বিশেষ অভিযান শেষ করা হয় এবং আকাশ প্রতিরক্ষা ও রাডার ইউনিটগুলো স্বাভাবিক দায়িত্বে ফিরে যায়। পোলিশ সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় কোনো অনুপ্রবেশ ঘটেনি। তবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা