× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিএনএনসহ তিন গণমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৮ পিএম

হোয়াইট হাউস থেকে সিএনএনসহ তিন গণমাধ্যমকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস থেকে সিএনএনসহ তিন গণমাধ্যমকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে ‘অবিলম্বে’ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। গণমাধ্যমগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনের মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে ‘নিয়মিত কল্পকাহিনি বা মিথ্যা’ তথ্য প্রকাশ ও প্রচার করে। তবে এর পক্ষে তিনি কোনও নির্দিষ্ট প্রতিবেদন বা উদাহরণ দেননি।

পরে ট্রাম্প এটিকে ‘খুবই সাধারণ একটি নিষেধাজ্ঞা’ বলে উল্লেখ করেন। তবে কীভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি। নিষেধাজ্ঞার আওতায় ওই সংবাদমাধ্যমগুলোর কর্মীদের হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশও বন্ধ করা হবে কি না, তা স্পষ্ট নয়।

ঘোষণার পরপরই সিএনএন ট্রাম্পের পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে ‘মার্কিন সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর অবৈধ হামলা’ বলে অভিহিত করেছে। ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে।

এক বিবৃতিতে সিএনএন বলেছে, সম্ভাব্য এই নিষেধাজ্ঞা অবৈধ। তারা হোয়াইট হাউসের সংবাদকর্মীদের পাশে থাকার পাশাপাশি ‘ন্যায্য ও নির্ভুল সংবাদ পরিবেশনের’ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন সংবিধান অনুযায়ী সরকারি বাধা বা হস্তক্ষেপ ছাড়াই সংবাদ সংগ্রহ ও প্রকাশের অধিকার তাদের রয়েছে। ট্রাম্পের হুমকি অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর হলে তা হবে ‘সাংবিধানিকভাবে সুরক্ষিত সেই মৌলিক অধিকারের ওপর অবৈধ হামলা’।

পলিটিকোও এক বিবৃতিতে জানিয়েছে, তারা বর্তমান ও ভবিষ্যৎ—উভয় প্রশাসনের সংবাদ ‘ন্যায্যভাবে’ প্রকাশ করে যাবে। নিজেদের সংবিধানসুরক্ষিত অধিকার সীমিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা ‘জোরালোভাবে’ লড়বে।

সাবেক এমএসএনবিসি, বর্তমানে এমএস নাও, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসন কিংবা যুক্তরাষ্ট্র নিয়ে সংবাদ প্রকাশের সময় কোনো সংবাদমাধ্যমের ‘নিয়মিত কল্পকাহিনি ও মিথ্যা’ প্রচার করা উচিত নয়। এরপর তিনি ইঙ্গিত দেন, ‘আরও সংবাদমাধ্যম’ নিষেধাজ্ঞার তালিকায় আসতে পারে।

কোন সংবাদ প্রতিবেদন বা ঘটনা তাকে এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে, পোস্টে তার কোনো উল্লেখ করেননি ট্রাম্প। পরে এক সাংবাদিক তাকে ‘আরও কারা আসতে পারে’ জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ফেক নিউজের কথা বলছেন? নিউইয়র্ক টাইমস ফেক নিউজ, ওয়াশিংটন পোস্টও ফেক নিউজ।’

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জ্যাকুই হাইনরিখ এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, দায়িত্ব পালন করার কারণে যেসব সাংবাদিককে আলাদাভাবে নিশানা করা হচ্ছে, সংগঠনটি তাদের পাশে রয়েছে।

ফক্স নিউজের এই সাংবাদিক বলেন, বিষয়টি শুধু সাংবাদিকদের অধিকারের নয়; বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্বে থাকেন, তার কর্মকাণ্ড, নীতি ও সিদ্ধান্ত সম্পর্কে জনগণের কাছে পূর্ণাঙ্গ ও স্বাধীন তথ্য পৌঁছানোর অধিকারের সঙ্গেও এটি জড়িত।

সংবাদমাধ্যমের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে হোয়াইট হাউসের সংবাদকর্মীদের একাধিকবার বিরোধ হয়েছে।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন রক্ষণশীল ব্লগার, ইনফ্লুয়েন্সার ও অন্যান্য গণমাধ্যমকেও প্রেস ব্রিফিংয়ে জায়গা দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রশাসনের যুক্তি, এতে মার্কিন জনগণ বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারবে।

এ বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস ঘোষণা দেয়, প্রেসিডেন্টের সঙ্গে সীমিত পরিসরে সংবাদ সংগ্রহের সুযোগ পাওয়া ‘প্রেস পুল’-এর নিয়ন্ত্রণ তারা নিজেরা নেবে। এর আগে এক শতাব্দীরও বেশি সময় ধরে এই ব্যবস্থা পরিচালনা করত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন।

একই মাসে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাংবাদিক ও ফটোগ্রাফারদের ওভাল অফিস ও এয়ার ফোর্স ওয়ানের মতো সীমিত প্রবেশাধিকারের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। এর কারণ হিসেবে মেক্সিকো উপসাগরের পরিবর্তে ‘গালফ অব আমেরিকা’ নাম ব্যবহারে এপির অনীহার বিষয়টি উল্লেখ করা হয়। এপি দ্রুত আদালতের দ্বারস্থ হয় এবং মামলাটি এখনো চলমান।

ওভাল অফিস, এয়ার ফোর্স ওয়ান ও হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নিয়মিত বাগ্‌বিতণ্ডা হয়েছে। এসব ঘটনায় তিনি প্রায়ই সাংবাদিকদের ‘ফেক নিউজ’ ও ‘অভদ্র’ বলে আখ্যা দিয়েছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদেও সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টার হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছিল। পরে সিএনএন মামলা করলে তার প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়া হয়।

সিএনএন যুক্তরাষ্ট্রের মাত্র পাঁচটি সংবাদমাধ্যমের একটি, যারা প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের জন্য ভিডিও পুলে কাজ করে। এই পদ্ধতিতে একটি সংবাদমাধ্যম বা সাংবাদিক কোনো প্রেসিডেন্টের অনুষ্ঠানের ভিডিও ধারণ করে তা অন্য সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ভাগ করে নেয়।

ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পরপরই সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এর সমালোচনা করেছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউট বলেছে, এ ধরনের বিষয়ে আদালত ট্রাম্পের বিরুদ্ধে একাধিকবার রায় দিয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জামিল জাফর বলেন, ট্রাম্প যদি সংবাদমাধ্যমগুলোকে হোয়াইট হাউসের প্রেস পুল থেকে বাদ দেওয়ার কথা বলে থাকেন, তাহলে সেটি ‘দ্বিগুণ অসাংবিধানিক’, কারণ ফার্স্ট অ্যামেন্ডমেন্টের অধীনে এই প্রেস পুল একটি ‘পাবলিক ফোরাম’। তাই মতাদর্শ বা দৃষ্টিভঙ্গির কারণে সাংবাদিকদের বাদ দেওয়ার সুযোগ প্রেসিডেন্টের নেই।

গণমাধ্যমকে আইনি সহায়তা দেওয়া রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অব দ্য প্রেস জানিয়েছে, আদালত দ্রুত ট্রাম্পের এই নিষেধাজ্ঞা বাতিল করতে পারে বলে তারা মনে করে। সংগঠনটির প্রেসিডেন্ট ব্রুস ব্রাউন বলেন, হোয়াইট হাউস যখন কিছু সাংবাদিককে প্রবেশের সুযোগ দেয়, তখন তাদের প্রতিবেদন পছন্দ না হওয়ায় অন্যদের নিষিদ্ধ করতে পারে না।

ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশনও এই পদক্ষেপকে অবৈধ বলে উল্লেখ করেছে।

এর আগে ট্রাম্প দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য নিউইয়র্ক টাইমস ও বিবিসিসহ যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। এসব মামলার কয়েকটিতে সংবাদমাধ্যমগুলোকে কোটি কোটি ডলারের সমঝোতা অর্থ দিতে হয়েছে। বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের করা মামলাটি এখনও চলমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা