× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মমতার সমর্থনের পরেই কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৩ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এনডিটিভি

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুরোনো এক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনে কংগ্রেস প্রার্থীকে তার শিবিরের সমর্থনের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় তাকে গ্রেপ্তার করা হলো। খবর এনডিটিভির।

২০০৭ সালের নন্দীগ্রামে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ওই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বা মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। এই আন্দোলনের ওপর ভর করেই পশ্চিমবঙ্গের টানা ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে শক্তিশালী প্রচারণা গড়ে তুলেছিল তৃণমূল কংগ্রেস।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই ঘোষণার কিছু সময় আগেই মমতার শিবিরের মনোনীত প্রার্থী সঞ্চিতা প্রধান দে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

সংবাদ সম্মেলনে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ‘সহোদর দল’ (সিস্টার পার্টি) হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে শক্তিশালী করতেই এই সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মমতা বলেন, “নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের বিষয়ে আমার শিবির আগেই সিদ্ধান্ত নিয়েছিল। এটি ভবিষ্যতের এক নতুন সূচনা। (ইন্ডিয়া জোট শক্তিশালী করার) বার্তাটি বাংলা থেকেই শুরু হোক।”

তবে এ বিষয়ে প্রদেশ কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন ঘোষণা দিতেই পারেন, কিন্তু কংগ্রেস তার কাছে কোনো সমর্থন চায়নি। অধীর চৌধুরী বলেন, “তিনি একজন রাজনৈতিক নেতা, তিনি যা ইচ্ছা বলতেই পারেন। কিন্তু আসল ঘটনা হলো, তিনি প্রথমে নিজের প্রার্থী দিয়েছিলেন। এখন তার প্রার্থী সরে দাঁড়ানোয় তিনি আমাদের সমর্থন দিচ্ছেন। আমরা তো তার সমর্থন চাইনি।”

এদিকে নন্দীগ্রামের উপনির্বাচনকে ঘিরে এই রাজনৈতিক নাটকীয়তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের দলীয় পরিচয় নিয়ে বিরোধ তীব্র রূপ নিয়েছে। শুক্রবার ভারতের নির্বাচন কমিশন ৬ অক্টোবরের উপনির্বাচনে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটি এবং দলের ঐতিহ্যবাহী প্রতীক ‘ঘাসফুল’ ব্যবহারে স্থগিতাদেশ দিয়েছে।

পরবর্তী সময়ে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশটিকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং নির্বাচনি প্রতীক হিসেবে ‘ফুটবল খেলোয়াড়’ বরাদ্দ করেছে। অন্যদিকে অরূপ রায়ের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম ও প্রতীক হিসেবে ‘খাম’ বরাদ্দ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা