× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, পুলিশসহ নিহত অন্তত ১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৮ পিএম

কোহাত ও এর আশপাশের এলাকায় নিয়মিতই আইএস ও তালেবান গোষ্ঠীর হামলার শিকার হয় দেশটির সেনা ও পুলিশ সদস্যরা। ছবি: আল জাজিরা

কোহাত ও এর আশপাশের এলাকায় নিয়মিতই আইএস ও তালেবান গোষ্ঠীর হামলার শিকার হয় দেশটির সেনা ও পুলিশ সদস্যরা। ছবি: আল জাজিরা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। 

নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৬ জন। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার আফগান সীমান্তবর্তী কোহাত শহরের পুলিশ সদর দপ্তর চত্বরে অবস্থিত মসজিদে জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়। মুসল্লিরা যখন নামাজের জন্য জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে মসজিদের প্রবেশদ্বারে ধাক্কা দেয় হামলাকারী।

প্রাদেশিক পুলিশপ্রধান জুলফিকার হামিদ নিশ্চিত করেছেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। তিনি জানান, গাড়ি বিস্ফোরণের পরপরই বন্দুকধারীরা পুলিশ চত্বরে প্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের তুমুল গুলিবিনিময় হয়।

হামলায় মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশ স্টেশনের সীমানাপ্রাচীর ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের বিকট শব্দ দূর থেকেও শোনা গেছে।

উদ্ধারকারী সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা বিলাল ফয়েজি বার্তা সংস্থা এপি-কে জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য ও ১০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহতদের বেশির ভাগই মুসল্লি।

এদিকে বার্তা সংস্থা ডিপিএ-কে চিকিৎসক তাহির শাহ জানিয়েছেন, হাসপাতালে অন্তত ১৫টি মরদেহ ও অর্ধশতাধিক আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে ওই অঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএস)-এর আঞ্চলিক শাখা এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয় রয়েছে। তারা নিয়মিতই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। ফলে এ ঘটনার পেছনে টিটিপির হাত রয়েছে বলেই জোরালো সন্দেহ করা হচ্ছে।

এর আগের দিন বৃহস্পতিবারও উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাঙ্গু জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে বোমা হামলায় ছয় সেনা সদস্য নিহত হন। ওই দিনই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টিটিপির ১০ সন্দেহভাজন যোদ্ধাকে হত্যার দাবি করে সামরিক বাহিনী ও পুলিশ।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সীমান্তসংলগ্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, হামলাকারীরা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে এসব নাশকতা চালাচ্ছে। তবে আফগান কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে আসছে। এ উত্তেজনার জেরে দেশ দুটির মধ্যে মাঝেমধ্যেই সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

কোহাতের মসজিদে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলাকারীদের এই ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা