প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১২ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৪ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ট্রেডিং ফ্লোরে লেনদেনে ব্যস্ত ট্রেডাররা। ছবি: এপি/সেথ ওয়েনিগ
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের চাঙ্গাভাব এবং বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যহ্রাসের ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার বাজারে।
শুক্রবার এশিয়ার বেশির ভাগ শেয়ারবাজারে বড় ধরনের সূচক উত্থান দেখা গেছে। তবে লেনদেনের শুরুতে বিপরীত চিত্র ছিল ইউরোপে; সেখানকার প্রধান বাজারগুলোতে সূচকের পতন হয়েছে।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এশিয়ার শেয়ারবাজারগুলোর মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছে দক্ষিণ কোরিয়ার ‘কোসপি’ সূচক। এক দিনেই সূচকটি বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। এছাড়া জাপানের প্রধান সূচক ‘নিক্কেই ২২৫’ ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৮ দশমিক ৯৫ পয়েন্টে। চীনের ‘সাংহাই কম্পোজিট’ শূন্য দশমিক ৯ শতাংশ এবং হংকংয়ের ‘হ্যাং সেং’ সূচক বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। তবে এই উত্থানের দিনে কিছুটা ব্যতিক্রম ছিল অস্ট্রেলিয়া; দেশটির ‘এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০’ সূচকে শূন্য দশমিক ১ শতাংশেরও কম পতন হয়েছে।
এদিকে দিনের শুরুতে লেনদেনে নিম্নমুখী প্রবণতা ছিল ইউরোপের শেয়ারবাজারে। ফ্রান্সের ‘সিএসি ৪০’ সূচক শূন্য দশমিক ৬ শতাংশ এবং জার্মানির ‘ড্যাক্স’ শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। পাশাপাশি ব্রিটেনের ‘এফটিএসই ১০০’ সূচকে পতন হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রের বাজারে সূচক বাড়ার আভাস মিলেছে; লেনদেন শুরুর আগেই ‘ডাও ফিউচার্স’ শূন্য দশমিক ২ শতাংশ এবং ‘এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স’ শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে।
বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে আসা এবং মার্কিন বন্ড মার্কেট থেকে চাপ শিথিল হওয়ায় ওয়াল স্ট্রিট চাঙ্গা হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও।
সপ্তাহের শুরুতে ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার উদ্বেগ তৈরি হয়েছিল। এতে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ১১০ ডলারে পৌঁছে যায়। তবে আজ এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০২ দশমিক ৫৭ ডলারে নেমে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক তেলের দামও ১ দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়েছে। যদিও চলতি গ্রীষ্মের শুরুর তুলনায় (ব্যারেলপ্রতি ৭২ ডলার) তেলের বর্তমান দাম এখনো বেশ বেশি।
এদিকে বিশ্ব অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সিদ্ধান্তের প্রভাবও বাজারে স্পষ্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তিন বছরের বেশি সময় পর প্রথমবারের মতো নীতি সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়েছে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছর সংস্থাটি আরও একবার সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।
অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার অবমূল্যায়ন ঠেকাতে ব্যাপক চাপে রয়েছে জাপান। ডলারের বিপরীতে জাপানি মুদ্রার দরপতন ঠেকাতে ব্যাংক অব জাপান (বিওজে) মূল সুদের হার ১ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ২৫ শতাংশ করেছে, যা দেশটিতে গত ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে ইয়েনের মান বাড়াতে যৌথ পদক্ষেপ নেওয়া হলেও বাজারে তার বড় কোনো প্রভাব দেখা যায়নি। মুদ্রাবাজারে ডলারের মান ১৫৫ দশমিক ৯৫ ইয়েন থেকে বেড়ে ১৫৭ দশমিক ৭৩ ইয়েন হয়েছে। তবে ইউরোর দাম কিছুটা বেড়ে ১ দশমিক ১৪৮৬ ডলারে দাঁড়িয়েছে।