ইয়েমেনের আল জাওফ গভর্নরেটে সৌদি-সমর্থিত বাহিনীর উপর একটি হামলার পর, ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা একটি জব্দ করা গাড়ির পাশে পোজ দিচ্ছে। ছবি: রয়টার্স
সৌদি আরবের আবেদনের পর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করছে চীন।
গত এক সপ্তাহে হুতিদের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইরানের ওপর প্রভাব কাজে লাগিয়ে গোষ্ঠীটির কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনার অনুরোধ জানিয়েছে বেইজিং।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ইরানি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, লোহিত সাগর উপকূল এবং বাব এল-মানদেব প্রণালির চারপাশে হুথিদের দ্রুত অগ্রগতির ফলে সৌদি আরবের তেল রপ্তানি ও নৌপরিবহন আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে সাহায্যের জন্য চীনের দ্বারস্থ হয়েছে রিয়াদ।
চীন প্রকাশ্যে সংযম, সংলাপ এবং নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
তবে ইরানি সূত্রগুলোর দাবি, ব্যক্তিগতভাবে তেহরানকে দেওয়া চীনের বার্তা ছিল প্রকাশ্য বক্তব্যের চেয়েও জোরালো।
বেইজিং চায়, হুতিদের ওপর ইরানের প্রভাব কাজে লাগিয়ে তেহরান যেন সংঘাতকে চীনের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোতে আরও ছড়িয়ে পড়া ঠেকাতে সহায়তা করে।
আলোচনার বিষয়ে অবহিত এবং পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলা সূত্রগুলো জানায়, কীভাবে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কিংবা বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির চীন সফরের সময় এটি জানানো হয়েছিল কি না, সে বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি।
তাদের ভাষ্য, তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত এ অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিন ইরানি সূত্রের ভাষ্য অনুযায়ী, চীনা কর্মকর্তারা কোনো স্পষ্ট হুমকি দেননি। একই সঙ্গে হুতিদের ওপর প্রভাব খাটাতে ব্যর্থ হলে বেইজিং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করবে- এমন কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে বলেছে, “আঞ্চলিক উত্তেজনা আরও ইয়েমেন ও লোহিত সাগরে ছড়িয়ে পড়ুক- চীন তা দেখতে চায় না। আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ানো কোনো পক্ষেরই স্বার্থে নয়।”
মন্ত্রণালয় আরও বলেছে, “সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করা উচিত এবং মানুষের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। চীন এমন সব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একই সঙ্গে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানায়।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি সরকারের মিডিয়া অফিস এ প্রতিবেদন নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
তিন ইরানি সূত্রের মতে, বেইজিংয়ের উদ্বেগের পর তেহরান হুতিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বৈরিতার মধ্যেও চীনের সঙ্গে সম্পর্ক ইরানের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহন করে।
যুদ্ধ ও নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির ওপর চাপ কমাতে এবং দেশটির তেল শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় বিনিয়োগের সক্ষমতা রয়েছে- এমন অল্প কয়েকটি দেশের মধ্যে চীন অন্যতম।
কূটনৈতিক ক্ষেত্রেও চীন তার প্রভাবের প্রমাণ দিয়েছে। ২০২৩ সালে বছরের পর বছর ধরে চলা বৈরিতার পর ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তিতে মধ্যস্থতা করে চীন।
তবে সেই প্রভাবেরও সীমাবদ্ধতা রয়েছে। ইরানের ভেতরের সমালোচকেরা অভিযোগ করেছেন, ২০২১ সালে দুই দেশ ২৫ বছরের সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলেও চীনের তেল ছাড়া অন্যান্য বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ তুলনামূলকভাবে কম। বিশেষ করে উপসাগরীয় আরব দেশগুলোতে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগের প্রতিশ্রুতির তুলনায় ইরানে তা কম।
দুই ইরানি সূত্র বলেছে, বেইজিংয়ের স্বার্থ ইরানের সিদ্ধান্ত গ্রহণের বহু বিবেচনার মধ্যে কেবল একটি।
তাদের মতে, ইরানের সিদ্ধান্তগুলো বিভিন্ন প্রতিদ্বন্দ্বী কৌশলগত, অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রাধিকারের ওপর নির্ভর করে।
তবে এ বিষয়ে ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউটের ইরান প্রোগ্রামের পরিচালক অ্যালেক্স ভ্যাটাঙ্কা বলেছেন বলেন, “তেহরান ও বেইজিং- দুই পক্ষেরই একে অপরকে প্রয়োজন। চীন এমন একটি বিষয়, যা তেহরান উপেক্ষা করতে পারে না। আর বেইজিং চায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হোক এবং লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ করা হোক।”