× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধাপরাধ করেছে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৩ পিএম

মার্কিন বাহিনীর হামলায় বিধ্বস্ত মিনাবের সাজারেহ তায়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়। ছবি: দ্য গার্ডিয়ান

মার্কিন বাহিনীর হামলায় বিধ্বস্ত মিনাবের সাজারেহ তায়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়। ছবি: দ্য গার্ডিয়ান

ইরানের একটি স্কুল ও একটি ক্রীড়াকেন্দ্রে গত ফেব্রুয়ারিতে মার্কিন সামরিক বাহিনীর প্রাণঘাতী বিমান হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকার যৌক্তিক প্রমাণ পেয়েছে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান দল। 

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই নির্বিচার হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এটি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য হতে পারে। একই সঙ্গে ইরানে গত ডিসেম্বরের শেষদিকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণের কারণে দেশটির কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনেরও প্রমাণ পেয়েছে মিশনটি। খবর দ্য গার্ডিয়ানের।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পেশ করার উদ্দেশ্যে তৈরি করা স্বাধীন আন্তর্জাতিক এই তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের আচরণ এবং বিক্ষোভ দমনে তেহরানের ভূমিকা খতিয়ে দেখা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বরাবরই দাবি করে আসছেন, তাদের সামরিক অভিযান সশস্ত্র সংঘাতের আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হয়। অন্যদিকে ইরান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছে।

মিনাবের স্কুলে যুদ্ধাপরাধের অভিযোগ  

জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের সাজারেহ তায়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বাহিনীর হামলার বিষয়ে যৌক্তিক প্রমাণ পাওয়া গেছে। ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ওই হামলায় প্রায় ১২০ জন স্কুলশিক্ষার্থীসহ ১৬৮ জন মানুষ নিহত হয়।

মিশনের উপসংহারে বলা হয়েছে, এটি ছিল একটি নির্বিচার হামলা। এতে বেসামরিক নাগরিক নিহত এবং সাধারণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে সুস্পষ্ট যুদ্ধাপরাধ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই স্থানে একজন জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডারের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র হামলাটি চালিয়েছিল। তবে হামলা চালানোর আগে তথ্যটি যথাযথভাবে যাচাই করতে তারা ব্যর্থ হয়। তদন্তকারীদের মতে, টার্গেট যাচাইয়ে ব্যর্থতা ও ভবনটিকে সামরিক উদ্দেশ্য হিসেবে নিশ্চিত করতে না পারা কেবল অবহেলা নয়, বরং তার চেয়েও বেশি কিছু। 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র একটি বেসামরিক ভবনে আঘাত হানার যথেষ্ট ঝুঁকি জেনেও বেপরোয়াভাবে স্কুল ভবনে হামলা চালিয়েছে।’

জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি তদন্তের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিলেন, ফেব্রুয়ারিতে ইরানের কোনো বালিকা বিদ্যালয়ে কেউ ইচ্ছাকৃতভাবে হামলা চালায়নি। তবে এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক অভ্যন্তরীণ তদন্তে মিনাবের সেই প্রাণঘাতী হামলায় সম্ভবত মার্কিন বাহিনীর সংশ্লিষ্টতা ছিল। পেন্টাগন পরে তদন্তের পরিধি বাড়ালেও এখন পর্যন্ত কোনো প্রাথমিক ফলাফল প্রকাশ করেনি।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, স্কুলটিকে স্পষ্টভাবে একটি বেসামরিক স্থাপনা হিসেবে চিহ্নিত করা যেত। এ ছাড়া এটি যে সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিলÑ এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

লামের্দে ক্রীড়াকেন্দ্রে হামলা 

লামের্দ শহরের একটি ক্রীড়াকেন্দ্রে চালানো হামলার বিষয়েও একই সিদ্ধান্তে পৌঁছেছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় আশপাশের আবাসিক ভবন ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ২২ জন বেসামরিক নাগরিক নিহত ও আহত হন। মিশনটি এই হামলাকেও নির্বিচার ও যুদ্ধাপরাধ হিসেবে সাব্যস্ত করেছে। যদিও গত মার্চে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছিল, ওইদিন লামের্দ শহরে মার্কিন বাহিনী কোনো হামলা চালায়নি।

ইরানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ : অন্যদিকে গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া বিক্ষোভের সময় সাধারণ নাগরিকদের ওপর ইরানি কর্তৃপক্ষের ব্যাপক ও পরিকল্পিত নিপীড়নের প্রমাণও পেয়েছে জাতিসংঘের মিশনটি। এর মধ্যে বেআইনি হত্যা, নির্যাতন, নির্বিচার আটক, গুম ও মতপ্রকাশের স্বাধীনতায় চরম বিধিনিষেধ আরোপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ১৯৭৯ সালের বিপ্লবের পর শিয়া ধর্মগুরুদের ক্ষমতা গ্রহণের পর এটি ছিল সবচেয়ে বড় দমন-পীড়ন। এতে বিক্ষোভকারীদের পাশাপাশি সাধারণ পথচারীরাও নিহত হয়েছেন। তবে তেহরান এই অস্থিরতার জন্য নির্বাসিত বিরোধী এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদপুষ্ট ‘সন্ত্রাসী ও দাঙ্গাকারীদের’ দায়ী করেছে।

তদন্তকারী দল নিহতের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে তাদের ধারণা, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। সরকারি পরিসংখ্যানে ৩ হাজার ৩৮ জন নিহত এবং ২৫ হাজার মানুষের আহত হওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ করা ও মৃত্যুদণ্ড কার্যকর করাসহ সরকারের চরম দমনমূলক নীতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল।

যুদ্ধ বন্ধে সরাসরি সংলাপের দাবি ট্রাম্পের  

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ ‘সম্ভবত শেষের দিকে’। তিনি জানান, তেহরানের কর্মকর্তাদের সঙ্গে তার ‘সরাসরি’ কথা হয়েছে, যা নতুন করে কূটনৈতিক তৎপরতার সম্ভাবনা জাগিয়ে তুলেছে। যদিও ইয়েমেনে সম্প্রতি নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে তেহরানের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আশা করছি আমরা যুদ্ধের শেষ পর্যায়ে আছি। ইরান একটি চুক্তি করতে চায়। দেখা যাক তা কত দূর গড়ায়।’ 

এর আগের দিন এক শীর্ষ ইরানি কর্মকর্তা পরিষ্কার জানিয়ে দেন, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া ইরান বর্তমানে গত জুনে সই হওয়া চুক্তির শর্তগুলো বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা