× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থী ও পর্যটকদের ভিসায় অস্ট্রেলিয়ার কঠোর বিধিনিষেধ

বিবিসি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনতে ভিসা নীতিমালায় বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থী, তথাকথিত ‘ভিসা হপার’ (বারবার ভিসা পরিবর্তনকারী) এবং ‘ওয়ার্কিং হলিডে’ ভিসাধারী পর্যটকদের ওপর বিধিনিষেধ জোরদার করা হয়েছে।

ঘোষিত নিয়ম অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীরা এখন থেকে তাদের পরিবার বা পোষ্যদের অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে পারবেন না। এ ছাড়া দেশটিতে অবস্থানের মেয়াদ বাড়াতে হলে অপেক্ষাকৃত উচ্চতর কোনো ডিগ্রিতে ভর্তি হতে হবে।

বৃহস্পতিবার এক বক্তৃতায় এসব সিদ্ধান্তের কথা জানান অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তিনি বলেন, অভিবাসন অস্ট্রেলিয়ার অন্যতম শক্তি হলেও এতে ‘কঠোর নিয়ন্ত্রণ’ থাকা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসাধারীদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। তবে পিএইচডি গবেষকদের জীবনযাত্রার পরিস্থিতি ভিন্ন হওয়ায় তারা এই সুবিধার আওতায় থাকবেন। এ ছাড়া বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত শিক্ষার্থী এবং প্রশান্ত মহাসাগরীয় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্দিষ্ট কিছু দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মে কিছুটা ছাড় দেওয়া হবে।

২০২৮ সালের মধ্যে বার্ষিক নিট অভিবাসীর সংখ্যা ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে ক্যানবেরা।

‘ভিসা হপিং’ বন্ধের উদ্যোগ

অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার উদ্দেশ্যে একটি কোর্স শেষ করে অপেক্ষাকৃত নিম্নমানের কোনো কোর্সে ভর্তি হওয়ার যে প্রবণতা (ভিসা হপিং), তা কঠোরভাবে দমনের ঘোষণা দেন টনি বার্ক। তিনি বলেন, অনেকে মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকার মেয়াদ বাড়ান। এখন থেকে স্নাতক শেষ করে স্নাতকোত্তরের মতো উচ্চতর ডিগ্রিতে যাওয়া শিক্ষার্থীদেরই শুধু ভিসার মেয়াদ বাড়ানোর অনুমতি দেওয়া হবে।

কমেছে ‘ওয়ার্কিং হলিডে’র সুযোগ

১৮ থেকে ৩০ বছর বয়সীদের জন্য অস্ট্রেলিয়ায় ১২ মাসের ‘ওয়ার্কিং হলিডে’ ভিসা চালু রয়েছে, যা দেশটির কৃষি খাতের শ্রমঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখে। বর্তমানে নির্দিষ্ট মেয়াদে কাজের শর্ত পূরণ সাপেক্ষে এই ভিসার মেয়াদ দ্বিতীয় ও তৃতীয় বছর পর্যন্ত বাড়ানো যায়।

নতুন নিয়মে দ্বিতীয় ও তৃতীয় বছরের ভিসা পাওয়ার ক্ষেত্রে লটারি (ব্যালট) পদ্ধতি চালু করা হয়েছে। ফলে দ্বিতীয় বছরের জন্য ভিসার কোটা ৫৭ হাজার থেকে কমিয়ে ৪৫ হাজারে এবং তৃতীয় বছরের জন্য ৩১ হাজার থেকে কমিয়ে মাত্র ৫ হাজারে নামিয়ে আনা হয়েছে। তবে মুক্তবাণিজ্য চুক্তির কারণে ব্রিটিশ নাগরিকেরা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন।

অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্ক

অস্ট্রেলিয়ার জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি সাম্প্রতিক সময়ে আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অভিবাসন এখন দেশটির রাজনীতির অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। অভিবাসনবিরোধী ডানপন্থী দল ‘ওয়ান নেশন’ অস্থায়ী অভিবাসী সংখ্যা একলাফে ৭ লাখ ৫০ হাজার কমানোর দাবি তুললেও তা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, এমন হঠকারী সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।

এদিকে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে নতুন অভিবাসীদের সহায়তাকারী সংস্থা ‘সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল’। সংস্থাটির প্রধান ভায়োলেট রুমেলিয়োটিস বলেন, দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থের চেয়ে ‘স্বল্পমেয়াদি রাজনৈতিক সুবিধার’ ওপর ভিত্তি করেই অভিবাসন নীতি বদলানো হচ্ছে। এতে ভবিষ্যতে বিশ্ববাজার থেকে মেধা আকর্ষণে অস্ট্রেলিয়া পিছিয়ে পড়তে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা