প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৫ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯ এএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে কারাগারে কঠোর আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর দুই ছেলে কাসিম খান ও সুলেইমান খান। তাঁদের আশঙ্কা, কারাগারে তাঁদের বাবাকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম *দ্য গার্ডিয়ানকে* লন্ডন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের দুই ছেলে তাঁদের বাবার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের অভিযোগের কেন্দ্রে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।
ইমরান খান ২০২৩ সালে গ্রেপ্তারের পর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। দুর্নীতির মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর ছেলে কাসিমের বয়স ২৭ এবং সুলেইমানের ২৯ বছর। তাঁরা দীর্ঘদিন ধরে বাবার মুক্তির দাবিতে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার চালিয়ে আসছেন।
দুই ছেলে জানান, ছয় মাসেরও বেশি সময় ধরে তাঁরা বাবার সঙ্গে কথা বলতে পারেননি। এমনকি তাঁর সঙ্গে দেখা করতে বা মুক্তির দাবিতে প্রচার চালাতে যুক্তরাজ্য থেকে পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়েছেন।
সুলেইমান অভিযোগ করেন, তাঁর বাবা মাত্র ৬ ফুট বাই ৮ ফুটের একটি ছোট কক্ষে একাকী বন্দি রয়েছেন এবং দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগের সুযোগ নেই। নতুন বইও তাঁকে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। একই সঙ্গে একজন নিরপেক্ষ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেওয়ার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
ইমরান খানের একটি চোখের দৃষ্টিশক্তির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ছেলেরা। তাঁদের দাবি, চোখের সমস্যাটি কয়েক মাস অবহেলিত থাকার ফলে তাঁর একটি চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এর পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপ ধরা পড়েছে বলেও পরিবারকে জানানো হয়েছে।
এর আগে ইমরানের শারীরিক অবস্থার অবনতির বিষয়ে ব্যাপক উদ্বেগের পর পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে আগস্টে তাঁকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। সরকার তখন জানিয়েছিল, চিকিৎসকেরা তাঁকে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন নেই বলে জানিয়েছেন।
ইমরান খানের কারাবাস ও চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে। জাতিসংঘের একটি মতামতে তাঁর দীর্ঘমেয়াদি আটককে আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলা হয়েছে। জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ প্রতিবেদকও তাঁর একাকী বন্দিত্ব ও কারাগারের পরিস্থিতি মানসিক নির্যাতনের পর্যায়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন।
এদিকে ইমরানের ছেলে সুলেইমান অভিযোগ করেন, তাঁদের বাবার প্রতি আচরণের পেছনে জেনারেল আসিম মুনিরের ব্যক্তিগত ক্ষোভ কাজ করছে। তবে এসব অভিযোগ পাকিস্তান সরকারের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। সরকার ইমরানের সঙ্গে দুর্ব্যবহার বা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ অস্বীকার করেছে।
সম্প্রতি ইমরানের দুই ছেলের একটি সাক্ষাৎকার সম্প্রচারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের কাছে অভিযোগ জানানো হয়েছিল। ওই সাক্ষাৎকারে তাঁরা তাঁদের বাবার কারাবন্দিত্ব ও শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
ইমরানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চলতি মাসের শেষ দিকে তাঁর মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও পদযাত্রার পরিকল্পনা করছে।