আল জাজিরা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৯ পিএম
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ খুঁড়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ছবি: ওমর আল-কাত্তা/এএফপি/আল জাজিরা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন ধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০০ মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বুধবার জানায়, রাতে গাজা সিটির ছয়তলা ভবনটি আকস্মিকভাবে ধসে পড়ে। এতে পাঁচ শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৪ জন।
ধ্বংসস্তূপ থেকে শিশুদের আর্তনাদ
সংবাদমাধ্যম আল-জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে খালি হাতে ইট-পাথর ও কংক্রিট সরিয়ে শিশুদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানান, তল্লাশি চালানোর সময় ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুদের বাঁচাও বাঁচাও চিৎকার ও কান্নার শব্দ শোনা যাচ্ছিল। একটি ভিডিওতে এক কিশোরীকে জীবিত উদ্ধারের পাশাপাশি শ্বাসকষ্টে ভোগা কয়েক শিশুকে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলতে দেখা যায়।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আল-জাজিরাকে বলেন, “উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ জন ফিলিস্তিনি আটকা আছেন।”
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছয়তলা ভবনটিতে আগে ইসরায়েলি বিমান হামলায় আঘাত হানা হয়েছিল। এতে ভবনটিতে ফাটল ধরে এবং সেটির মূল কাঠামো মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
মাহমুদ বাসাল আরও জানান, কোনো উপযুক্ত আশ্রয়কেন্দ্র বা তাঁবু না থাকায় জীবনের ঝুঁকি জেনেও বাধ্য হয়ে অনেক ফিলিস্তিনি এমন বিপজ্জনক ভবনে বসবাস করছেন। যুদ্ধের কারণে উপত্যকার হাজার হাজার ভবন আংশিক বা পুরোপুরি ধ্বংস হলেও সেগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ইসরায়েল।
যন্ত্রপাতির অভাবে ব্যাহত উদ্ধারকাজ
ধ্বংসস্তূপ সরানো ও আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতি প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। আধুনিক সরঞ্জামের তীব্র সংকটে উদ্ধারকর্মীদের খালি হাতে কাজ করতে হচ্ছে, যার ফলে উদ্ধার তৎপরতা অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।
গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল-সাররাজ বলেন, “ভবন ধসের ঘটনা এটিই প্রথম নয়, আর আশঙ্কা করছি এটি শেষ ঘটনাও হবে না।” তিনি জানান, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে পৌর কর্তৃপক্ষ ও সিভিল ডিফেন্সের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক রামিজ আলাকবারভ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, “এখনো হয়তো প্রাণ বাঁচানো সম্ভব, প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান।” মানবিক সহায়তা নিয়ে দ্রুত এগিয়ে আসায় তিনি মিসর, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে ধন্যবাদ জানান।
এদিকে এ দুর্ঘটনার জন্য ইসরায়েল ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পুরোপুরি দায়ী করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। এক বিবৃতিতে তারা জানায়, ছয়তলা ভবনটির প্রতি তলায় চারটি করে আবাসিক ফ্ল্যাট ছিল। যুদ্ধের সময় এটি সরাসরি হামলার শিকার হওয়ায় কাঠামোটি দুর্বল হয়ে পড়েছিল, যার চূড়ান্ত পরিণতিতে এই মর্মান্তিক ধসের ঘটনা ঘটল।