রয়টার্স
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩১ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩ পিএম
সোনার খনিতে খনন কাজ করছেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত
সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এদিকে স্থানীয় একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, খনির ভেতরে এখনও কয়েকজন শ্রমিক জীবিত থাকতে পারেন। তাদের বাঁচাতে অবিলম্বে জরুরি উদ্ধার অভিযান চালানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
স্থানীয় পর্যবেক্ষক সংস্থা ‘কর্দোফান অবজারভেটরি’ গতকাল বুধবার জানায়, গত রোববার আল-নুহুদের উত্তর-পশ্চিমাঞ্চলের ফুজা এলাকার আল-জারা খনিতে একে অপরের সঙ্গে যুক্ত কয়েকটি সুড়ঙ্গ ধসে পড়ে। এতে ৭০ জনেরও বেশি ক্ষুদ্র ও সনাতন পদ্ধতির খনিশ্রমিক নিহত কিংবা নিখোঁজ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংস্থাটি জানায়, গত মঙ্গলবার এক শ্রমিক খনি থেকে জীবিত বেরিয়ে এসে জানান যে মাটির নিচে এখনও অনেকে বেঁচে আছেন। তবে সেখানে কোনো বিশেষায়িত উদ্ধারকারী দল পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দারা সাধারণ যন্ত্রপাতি দিয়ে উদ্ধার তৎপরতা ও মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু সেখানকার বালুময় ও ভঙ্গুর মাটির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় তিনটি সূত্র বুধবার রয়টার্সকে জানায়, প্রত্যন্ত ওই খনিটিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও উদ্ধার সরঞ্জামের অভাবেই মূলত প্রাণহানির সংখ্যা এত বেশি হয়েছে।
আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ সুদান। তবে দেশটিতে উৎপাদিত সোনার সিংহভাগই সনাতন ও ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে উত্তোলন করা হয়, যা পরবর্তীতে দেশের বাইরে পাচার হয়ে যায়। বর্তমানে পশ্চিম কর্দোফান রাজ্যটি সুদানের আধাসামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে এবং এই সোনার খনি তাদের আয়ের একটি অন্যতম বড় উৎস।