প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৭ পিএম
২০০৮ সালে সোমালিয়ার মোগাদিশুতে আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবের তিন সশস্ত্র যোদ্ধা। গোষ্ঠীটি আফ্রিকার অন্যতম প্রাণঘাতী হিসেবে পরিচিত। ছবি: ফারাহ আবদি ওয়ারসামে/এপি/দ্য গার্ডিয়ান
আফ্রিকার সাহেল অঞ্চলে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর একের পর এক তীব্র আক্রমণের মুখে ইসলামপন্থী চরমপন্থীদের সহিংসতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাকলেড’-এর নতুন এক পরিসংখ্যানের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্রে আল-কায়েদার নাইন-ইলেভেন হামলার ২৫তম বার্ষিকীর প্রাক্কালে এই পরিসংখ্যান প্রকাশ করা হলো। এতে দেখা যায়, বিশ্বের অন্যান্য অঞ্চলে পুরোনো এই সংগঠনটির প্রভাব তুলনামূলকভাবে দুর্বল হলেও আফ্রিকার কিছু অংশে তাদের বিস্তার অব্যাহত রয়েছে।
‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা’ (অ্যাকলেড)-এর এই পরিসংখ্যান মূলত মালি, বুরকিনা ফাসো ও নাইজার—সাহেল অঞ্চলের কেন্দ্রস্থলে থাকা এই তিন দেশকে ঘিরে তৈরি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এই তিন দেশে সক্রিয় উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতার ঘটনা ২০১৬ সালে ছিল মাত্র ৬৩টি। সেখান থেকে আশঙ্কাজনক হারে বেড়ে ২০২৫ সালে তা দাঁড়ায় ২ হাজার ৮৪৫টিতে। আর চলতি বছরে ইতিমধ্যে ২ হাজার ১৪৫টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে সহিংসতার মোট ঘটনা ৩ হাজার ছাড়িয়ে যাওয়ার জোরালো আশঙ্কা রয়েছে।
বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে মৃত্যুর সংখ্যা ২০০৮ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নামলেও সাহেল অঞ্চলে দেখা গেছে উল্টো চিত্র। ‘গ্লোবাল পিস ইনডেক্স’-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদের ঘটনা এখন নির্দিষ্ট কিছু ভৌগোলিক এলাকায় বেশি ঘনীভূত হচ্ছে। ২০২৫ সালে বুরকিনা ফাসো, মালি ও নাইজারে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ঘটনায় ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু রেকর্ড করেছে জাতিসংঘ।
মালিতে বড় ধাক্কা
গত এপ্রিলে মালিতে আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী ‘জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন’ (জেএনআইএম) এবং তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী ‘আজওয়াদ লিবারেশন ফ্রন্ট’ (এফএলএ) এক যৌথ আক্রমণ চালায়। ড্রোন, আত্মঘাতী গাড়ি বোমা ও অতর্কিত হামলার মাধ্যমে তারা সরকারি বাহিনী এবং তাদের সহায়তাকারী রুশ বাহিনীকে লক্ষ্যবস্তু বানায়।
রাজধানী বামাকো থেকে ৯ মাইল দূরের কাটি গ্যারিসন শহরে নিজের বাসভবনে আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক গোয়েন্দা প্রধান নিহত হন। এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পাশাপাশি রুশ ভাড়াটে সেনাদের আত্মসমর্পণে বাধ্য করে কৌশলগত কিদাল শহর পুনরায় দখল করে নেয় বিদ্রোহীরা।
বুরকিনা ফাসোতেও জেএনআইএম নিজেদের প্রভাব বাড়িয়েছে। চলতি বছর তারা ১৩০টির বেশি হামলার দায় স্বীকার করেছে এবং রাজধানী ওয়াগাদুগুর কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে। নাইজারে গোষ্ঠীটি অন্তত ১৭টি হামলার দায় স্বীকার করলেও সেখানে প্রতিদ্বন্দ্বী ‘ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা’র চেয়ে তাদের তৎপরতা তুলনামূলকভাবে কম।
বৈশ্বিক নয়, স্থানীয় লক্ষ্য
বিশ্লেষকদের মতে, জেএনআইএম যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর হামলার ঐতিহাসিক বৈশ্বিক লক্ষ্য থেকে নিজেদের দূরে রেখেছে। বার্লিনের কনরাড অ্যাডেনাওয়ার ফাউন্ডেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক উলফ লেসিং বলেন, সাহেল অঞ্চলে আইএস ও আল-কায়েদা বড় এলাকা নিয়ন্ত্রণ করলেও এগুলো মূলত স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ গোষ্ঠী। এই অঞ্চল থেকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে হামলার কোনো পরিকল্পনা করা হয়নি।
সাব-সাহারান আফ্রিকায় আল-কায়েদার অপর শক্তিশালী শাখা হলো সোমালিয়ার ‘আল-শাবাব’। অ্যাকলেডের জ্যেষ্ঠ বিশ্লেষক পিটার বোফিন জানান, পূর্ব আফ্রিকায় আল-শাবাব এখনও অন্যতম প্রাণঘাতী গোষ্ঠী। গত ১৮ মাসে তাদের সহিংসতায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, মোজাম্বিক, চাদ এবং নাইজেরিয়ায় আইএসের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

২০২৪ সালে বুরকিনা ফাসোর মানসিলায় জেএনআইএম যোদ্ধাদের ধারণ করা একটি ভিডিওর স্ক্রিনশট। ছবি: দ্য গার্ডিয়ান
লেসিং উল্লেখ করেন, ২৫ বছর আগে আল-কায়েদার মূল কেন্দ্রবিন্দু ছিল আফগানিস্তান ও ইরাক; তখন আফ্রিকার প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। কিন্তু এখন এটিই তাদের প্রধান কার্যক্ষেত্রে পরিণত হয়েছে। তবে স্থানীয় অস্থিরতা ও দুর্বল শাসনের সুযোগে বিস্তার ঘটলেও এখান থেকে আন্তর্জাতিক পরিসরে বড় কোনো হামলা চালানোর সক্ষমতা তাদের নেই।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদার মূল শীর্ষ নেতৃত্ব বর্তমানে কোণঠাসা। ২০২২ সালে আয়মান আল-জাওয়াহিরি নিহত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নামও ঘোষণা করা হয়নি। বর্তমানে ৬৬ বছর বয়সী সাইফ আল-আদেলকে দলটির অনানুষ্ঠানিক প্রধান হিসেবে বিবেচনা করা হয়, যিনি ইরানে অবস্থান করছেন বলে ধারণা।
আফ্রিকার বাইরে ইয়েমেনভিত্তিক ‘আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা’ (একিউএপি) এখনও পাশ্চাত্যে হামলার আহ্বান জানাচ্ছে। তবে সংগঠনটির সামগ্রিক তৎপরতা আগের বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ কমে গেছে।
বিশ্লেষকদের মতে, নাইন-ইলেভেনের আগের তুলনায় বর্তমানে জেএনআইএম বা আল-শাবাবের মতো গোষ্ঠীগুলোতে হাজার হাজার সশস্ত্র যোদ্ধা রয়েছে। তবে বিপুল জনবল থাকা সত্ত্বেও ২৫ বছর আগের আল-কায়েদার লক্ষ্যের তুলনায় বর্তমান গোষ্ঠীগুলোর উদ্দেশ্য ও কৌশলে মৌলিক পার্থক্য রয়েছে।