ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) এই বিতর্কিত নিয়মটি মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ছবি: দ্য ইকোনমিক টাইমস
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া নতুন একটি নীতি আটকে দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) এই বিতর্কিত নিয়মটি মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে ঠিক এক দিন আগে সোমবার বোস্টনের মার্কিন জেলা জজ ডেনিস সায়লর বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও উচ্চশিক্ষা অধিকার রক্ষা গোষ্ঠীগুলোর করা এক মামলার পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেন। খবর রয়টার্সের।
নতুন এই নীতিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘এফ’ ভিসা এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির দর্শনার্থীদের ‘জে’ ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব ছিল। পাশাপাশি বিদেশি সাংবাদিকদের জন্য বরাদ্দকৃত ‘আই’ ভিসার মেয়াদ কমিয়ে সর্বোচ্চ ২৪০ দিন করার কথা বলা হয়েছিল। প্রায় পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও গবেষকরা পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অবস্থানের যে সুবিধা পেয়ে আসছিলেন, নতুন এই নিয়মে তা বাতিল করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নিয়োগকৃত বিচারক ডেনিস সায়লর তার রায়ে বলেন, ডিএইচএস অত্যন্ত ‘ভিত্তিহীন ও দুর্বল’ যুক্তির ওপর ভিত্তি করে এই নীতি গ্রহণ করেছে। সংস্থাটি জাতীয় নিরাপত্তা ও ভিসা জালিয়াতি রোধের কথা বললেও, বিকল্প বা অপেক্ষাকৃত কম ক্ষতিকর কোনো পদক্ষেপের কথা বিবেচনা করেনি।
বিচারক আরও বলেন, গত ৫০ বছর ধরে প্রচলিত ব্যবস্থার কারণে লাখ লাখ বিদেশি শিক্ষার্থী ও গবেষক যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পেয়েছেন। এর ফলে বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা ও প্রযুক্তিতে যুগান্তকারী গবেষণার পাশাপাশি দেশটির অর্থনীতিও ব্যাপকভাবে লাভবান হয়েছে। বর্তমানে প্রায় ১৬ লাখ মানুষের কাছে ‘এফ’ ভিসা এবং আরও ৫ লাখ মানুষের কাছে ‘জে’ ভিসা রয়েছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ডের মতো বড় ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর পর্যায়ে বিদেশি শিক্ষার্থীর হার অনেক বেশি। বিচারকের মতে, এই নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থা ও অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব পড়বে। বিশ্ববিদ্যালয়গুলোকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এবং শিক্ষার্থী ভর্তির হার আশঙ্কাজনকভাবে কমে যাবে।