× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগারে বাবাকে ধীরে ধীরে মেরে ফেলা হচ্ছে: ইমরান খানের ছেলেদের অভিযোগ

দ্য গার্ডিয়ান

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৬ পিএম

২০২৩ সালের ফেব্রুয়ারিতে লাহোরে আদালতের শুনানির পর ইমরান খান। ছবি: মহসিন রেজা/রয়টার্স/দ্য গার্ডিয়ান

২০২৩ সালের ফেব্রুয়ারিতে লাহোরে আদালতের শুনানির পর ইমরান খান। ছবি: মহসিন রেজা/রয়টার্স/দ্য গার্ডিয়ান

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে ‘ধীরে ধীরে মেরে ফেলা হচ্ছে’ বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলে। একই সঙ্গে তাদের বাবার ওপর চলা এই নিপীড়নের পেছনে দেশটির প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ‘ব্যক্তিগত প্রতিহিংসা’ রয়েছে বলেও সরাসরি অভিযোগ তুলেছেন তারা।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খান এসব কথা বলেছেন। ইমরান খানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের গর্ভে তাদের জন্ম। ২০২৩ সালে গ্রেপ্তারের পর থেকে দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। তার স্বাস্থ্য ও কারাবন্দী অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ার মধ্যেই এমন বক্তব্য এল।

লন্ডন থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরানের ছেলেরা জানান, কারাগারে তাদের বাবার বর্তমান পরিস্থিতি মানসিক ও শারীরিক নির্যাতনের শামিল।

সুলাইমান বলেন, “বাস্তবতা হলো, তাকে (ইমরান খান) ৬ বাই ৮ ফুটের একটি ছোট্ট প্রকোষ্ঠে কোনো প্রকার মানবিক যোগাযোগ ছাড়াই সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় আটকে রাখা হয়েছে। কয়েকমাস ধরে তাকে কোনো নতুন বই পড়তে দেওয়া হচ্ছে না। পরিবার বা কোনো নিরপেক্ষ চিকিৎসকের সঙ্গে তাকে দেখা করতে কিংবা কথা বলতে দেওয়া হচ্ছে না।”

সুলাইমান আরও জানান, মাসের পর মাস অবহেলা করায় ইমরান খান হয়তো ইতিমধ্যে তার এক চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন।

গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে ইমরান খানের চোখের রেটিনার শিরায় রক্ত জমাট বাঁধার চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হোক। দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়ায় তার ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে আদালতের নির্দেশ সত্ত্বেও তাকে বেসরকারি হাসপাতালে না নিয়ে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং কয়েকটি ইনজেকশন দিয়ে দ্রুত ফের কারাগারে ফেরত পাঠানো হয়।

পারিবারিক সূত্র জানায়, ৭৩ বছর বয়সী ইমরান খান উচ্চ রক্তচাপের জটিলতায়ও ভুগছেন। চোখের উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়া এবং ছয় মাসের বেশি সময় ধরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বা কথা বলতে না দিয়ে আদালতের নির্দেশ অমান্য করায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট এ বিষয়ে আদেশ দেবেন।

ইমরান খানের ছেলেরা অভিযোগ করে বলেন, এসব নিষ্ঠুর আচরণের পেছনে রয়েছে সেনাপ্রধান আসিম মুনিরের ব্যক্তিগত আক্রোশ। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে আসিম মুনিরকে পদচ্যুত করেছিলেন এবং তাদের দুজনের মধ্যকার বৈরিতা কারও অজানা নয়। ২০২৩ সালে আসিম মুনির সেনাপ্রধান হওয়ার পর থেকেই ইমরান খানের ওপর নিপীড়ন ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

কাসিম খান বলেন, “নিরপেক্ষ কোনো চিকিৎসকের পক্ষ থেকে আমাদের বাবার প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য স্পষ্ট করা হয়নি। আমাদের আশঙ্কা, তারা ভেতরে ভেতরে বাবাকে ধীরে ধীরে মেরে ফেলার চেষ্টা করছে। আন্তর্জাতিক চাপ কমলেই তারা হয়তো আরও কঠোর বিধিনিষেধ আরোপ করবে এবং তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। এখানে মূল প্রতিহিংসাটা সেনাপ্রধান আসিম মুনিরের।”

অন্যদিকে পাকিস্তান সরকার এসব অভিযোগকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ (ফেক প্রোপাগান্ডা) হিসেবে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে সরকার দাবি করেছে, সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে; যার মধ্যে রয়েছে ঘরে রান্না করা খাবার, শুকনো ফল (বাদাম), বোতলজাত পানি, শরীরচর্চার সরঞ্জাম, পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। নির্জন কারাবাস বা নিষ্ঠুরতার অভিযোগ নাকচ করেছে কর্তৃপক্ষ।

জাতিসংঘের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, ইমরান খানের দীর্ঘমেয়াদি আটকাদেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার জানিয়েছেন, তার এই নিঃসঙ্গ কারাবাস এবং আটক রাখার পরিস্থিতি মনস্তাত্ত্বিক নির্যাতনের শামিল হতে পারে।

গত মাসে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ম্যাচ চলাকালীন স্কাই স্পোর্টসে কাসিম ও সুলাইমানের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান, যিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও—এই সম্প্রচারের পর স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানান এবং মধ্যাহ্নবিরতির পর পাকিস্তান দল মাঠে নামতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে সুলাইমান বলেন, “এটি প্রমাণ করে তারা বিশ্ব থেকে কতটা বিচ্ছিন্ন। তারা ভেবেছিল দেশের ভেতরের গণমাধ্যমের মতো বাইরের গণমাধ্যমকেও থামিয়ে দিতে পারবে।”

ইমরান খানের ছেলেরা জানান, বাবার মুক্তির দাবিতে পাকিস্তানে যাওয়ার উদ্দেশ্যে নয় মাসেরও বেশি সময় আগে ভিসার আবেদন করলেও পাকিস্তান সরকার তাদের এখনো ভিসা দেয়নি।

তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাবার অনুপস্থিতিতে রাজনীতিতে আসার বা দল পিটিআইয়ের নেতৃত্ব নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। সুলাইমান বলেন, “পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘ মেয়াদে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। বাবা সবসময় বলতেন, পাকিস্তানের রাজনীতির সবচেয়ে বড় সংকট হলো পরিবারতন্ত্র; যেখানে গত ৪০ বছর ধরে কেবল দুটি পরিবারের হাতে ক্ষমতা কুক্ষিগত ছিল।”

ইমরান খান মুক্তির জন্য সামরিক বাহিনীর সঙ্গে কোনো ধরনের আপস করবেন কি না—এমন জল্পনার জবাবে তার ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি বলেন, “ইমরান খান কেবল একটি শর্তেই আপস করতে পারেন—যদি পাকিস্তানে গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের রায় ফিরিয়ে দেওয়া হয়। যদি তারা সত্যিই এটি করতে রাজি থাকে, তবেই কথা হতে পারে।” তার ছেলেরা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, যেকোনো মূল্যে নিজের রাজনৈতিক অবস্থান থেকে একচুলও নড়বেন না ইমরান খান।

এদিকে চলতি মাসের শেষের দিকে ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা