× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই নিয়ে ‘বিদ্বেষপূর্ণ প্রতিযোগিতা’র সমালোচনায় চীন

বিবিসি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনা নিয়ে তথাকথিত ‘হুমকির বয়ান’ বা প্রচারের তীব্র সমালোচনা করেছে চীন। একই সঙ্গে প্রযুক্তিটির বিকাশ ঘিরে যেকোনো ধরনের সংঘাত ও ‘বিদ্বেষপূর্ণ প্রতিযোগিতা’ এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করেছে দেশটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদে সম্প্রতি এআই উন্নয়নের গতি কিছুটা ধীর করার আহ্বান জানান। তবে তিনি সতর্ক করে বলেন, এই গতি এমনভাবে কমাতে হবে যেন চীন এই প্রতিযোগিতায় এগিয়ে যেতে না পারে। তার এমন বক্তব্যের পরই বেইজিংয়ের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল।

গত এক সপ্তাহ ধরে শীর্ষস্থানীয় মার্কিন এআই গবেষণাগারের অভ্যন্তরীণ বিশেষজ্ঞরা এই প্রযুক্তির সম্ভাব্য হুমকি নিয়ে চরম সতর্কবার্তা দিয়ে আসছেন। কারও কারও মতে, এটি মানবজাতিকে বিলুপ্তির মুখেও ঠেলে দিতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রধান লক্ষ্য হলো চীনের চেয়ে দ্রুতগতিতে যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির বিকাশ নিশ্চিত করা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সোমবার সাংবাদিকদের বলেন, হুমকি, সংঘাত ও বিদ্বেষপূর্ণ প্রতিযোগিতার এই বয়ান কেবল বৈশ্বিক এআই শাসন প্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করবে, যা কারও জন্যই কল্যাণ বয়ে আনবে না। তিনি আরও বলেন, সব পক্ষের উচিত উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, সবার জন্য কল্যাণকর এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এআইকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করা।

বিশ্বের শীর্ষ দুই এআই পরাশক্তির এমন অবস্থান তাদের মধ্যে কোনো ঐকমত্যে পৌঁছানোর জটিলতাকেই তুলে ধরেছে। সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সহকারী অধ্যাপক চ্যাং জুন ইয়ানের মতে, এআই নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো ‘প্রায় অসম্ভব’। তিনি বলেন, নিজ নিজ জাতীয় নিরাপত্তার স্বার্থে এআই প্রযুক্তির ক্ষেত্রে ধীরে চলা ও নিরাপদ থাকার বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ এখন উন্নত প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এআই। গুরুত্বপূর্ণ চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্মুক্ত প্রযুক্তির ব্যবহার এবং বেইজিংয়ের সরাসরি সহায়তায় চীনের এআই উদ্ভাবন দ্রুত গতিতে বাড়ছে।

অনেক বিশেষজ্ঞের ধারণা, এই খাতে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে রয়েছে। মার্কিন এআই প্রতিষ্ঠানগুলো শত শত কোটি ডলার বিনিয়োগ পেলেও চীনা প্রতিষ্ঠানগুলো সেই তুলনায় তহবিল সংগ্রহের লড়াইয়ে পিছিয়ে রয়েছে এবং তারা এই ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করছে।

তবে প্রযুক্তিটির ঝুঁকি নিয়ে খোদ চীনা প্রেসিডেন্ট সি চিন পিংসহ বেইজিংয়ের শীর্ষ নেতৃত্বও কথা বলেছেন। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী চেন ইশিন গত রবিবার লিখেছেন, চীনকে অবশ্যই ‘উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য’ বজায় রাখতে হবে। পাশাপাশি জনগণের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় আইন ও নৈতিক নির্দেশিকা উন্নত করতে হবে এবং ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার মতো ‘শত্রুভাবাপন্ন শক্তির’ এআই ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।

আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো কেনটন থিবো সম্প্রতি লিখেছেন, উন্নত প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের বোঝাপড়ার মধ্যে স্পষ্ট মিল রয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার পেছনে চীনের ‘কারিগরি কারণ’ রয়েছে। কারণ এর মাধ্যমে চীনা ডেভেলপাররা তাদের তৈরি মডেলগুলো দেশের বাইরে কীভাবে পরিচালিত হচ্ছে তা দেখতে পারবেন এবং এর ত্রুটিগুলো বুঝতে পারবেন।

বিশ্বজুড়ে এআই নিয়ন্ত্রণ ও পরিচালনায় ভূমিকা রাখতে গত জুলাই মাসে ‘ওয়ার্ল্ড এআই কো-অপারেশন অর্গানাইজেশন’ প্রতিষ্ঠা করেছে চীন। এ ছাড়া রবিবার ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে সি চিন পিং ওপেন সোর্স এআই কমিউনিটি তৈরির প্রস্তাব দেন।

এদিকে যুক্তরাষ্ট্রে এআই নিয়ন্ত্রণের দাবি দিন দিন জোরালো হচ্ছে। অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সসন সম্প্রতি সতর্ক করে বলেন, বর্তমান গতিতে উন্নয়ন চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমাদের সবার মারা যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। এরপর থেকেই শীর্ষ প্রযুক্তি নির্বাহীরা এর গতি কমানো ও কঠোর নীতিমালার দাবি তুলছেন।

সোমবার ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘মডেলের সক্ষমতা বৃদ্ধির চেয়ে নিরাপত্তা কৌশল যাতে এগিয়ে থাকে, তা নিশ্চিত করার উপায় আমাদের বের করতে হবে।’ একই সুর শোনা গেছে মাইক্রোসফটের প্রধান সত্য নাদেল্লার কণ্ঠেও। তিনি বলেন, এআই প্রযুক্তি কেবল গুটিকয়েক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকতে পারে না।

তবে এই ঝুঁকিকে অনেকটাই হালকাভাবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের চেয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘যে এআইয়ে জিতবে, সে-ই শেষ পর্যন্ত বিজয়ী হবে।’

প্রতিযোগিতা দিন দিন তীব্র হলেও কক্সসন বিবিসিকে বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা এড়াতে চীনের সঙ্গে সমন্বয় করে এআইয়ের গতি ধীর করা প্রয়োজন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট সি চিন পিংকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষই আসন্ন বৈঠকের আলোচ্যসূচিতে এআই প্রসঙ্গটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। এ ছাড়া সম্মেলনের আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও চীনা ভাইস-প্রিমিয়ার হে লিফেংয়ের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ভাইস-প্রিমিয়ার হে চীনের অর্থনৈতিক পরিকল্পনা ও এআই উন্নয়ন তদারকির দায়িত্বে রয়েছেন।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিশেষজ্ঞদের মতে, দুই দেশের জন্যই ঝুঁকির মাত্রা অনেক বেশি। হংকংভিত্তিক ফরানি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক চ্যাসেন নেভেট বলেন, এআই প্রযুক্তিতে চীন যদি স্থায়ীভাবে এগিয়ে যায়, তবে ওয়াশিংটন এটিকে কেবল প্রযুক্তি প্রতিযোগিতায় পরাজয় হিসেবে দেখবে না; বরং এটিকে আগামী শিল্প যুগের কৌশলগত অবকাঠামোর অংশ হাতছাড়া হওয়া হিসেবে দেখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা