বিশ্ব ওজোন দিবস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৩ পিএম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে সব দেশকে কিগালি সংশোধনী অনুসমর্থন ও বাস্তবায়ন এবং টেকসই শীতলীকরণ ব্যবস্থায় রূপান্তর ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মানুষ ও পৃথিবীকে সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
ঢাকার জাতিসংঘ তথ্য কেন্দ্র (ইউনিক) থেকে পাঠানো এক বার্তায় সোমবার এ সব তথ্য জানানো হয়েছে।
বার্তায় মহাসচিব বলেন, ১০ বছর আগে বিশ্ব পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে অন্যতম বড় একটি সাফল্যের নতুন অধ্যায় যুক্ত করেছিল। ওজোন স্তরকে পুনরুদ্ধারের পথে ফিরিয়ে নেওয়া ‘মন্ট্রিয়ল প্রটোকল’-এর ওপর ভিত্তি করে দেশগুলো কিগালি সংশোধনী গ্রহণ করেছিল। এর মূল লক্ষ্য ছিল শীতলীকরণের কাজে ব্যবহৃত শক্তিশালী গ্রিনহাউস গ্যাস হাইড্রোফ্লুরোকার্বন (এইচএফসি)–এর নতুন হুমকি মোকাবিলা করা।
চলতি বছরের প্রতিপাদ্য ‘গ্লোবাল অ্যাকশন ফর আ কুলার প্ল্যানেট’ (একটি শীতল গ্রহের জন্য বৈশ্বিক পদক্ষেপ)-এর কথা উল্লেখ করে আন্তোনিও গুতেরেস বলেন, এ প্রতিপাদ্যটি জলবায়ুর একটি সুনির্দিষ্ট চ্যালেঞ্জকে সামনে নিয়ে এসেছে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র তাপপ্রবাহ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ানোয় কার্যকর বা দক্ষ শীতলীকরণ ব্যবস্থার সুযোগ মানুষের জীবন রক্ষা করছে। এই প্রয়োজন অবশ্যই ন্যায্য ও টেকসই উপায়ে মেটাতে হবে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, কিগালি সংশোধনী পুরোপুরি বাস্তবায়িত হলে তা একাই চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণায়ন সর্বোচ্চ শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রোধ করতে পারে। আর এর সঙ্গে যদি জ্বালানিসাশ্রয়ী শীতলীকরণ ব্যবস্থার সমন্বয় করা যায়, তবে উষ্ণতা রোধের এই প্রভাব দ্বিগুণ হবে। এটি মানুষের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জীবিকা এবং জলবায়ুসহনশীলতার জন্য অত্যন্ত অপরিহার্য।
এ অবস্থায় বিশ্ব ওজোন দিবসে মানুষ ও এই গ্রহকে রক্ষার স্বার্থে কিগালি সংশোধনী দ্রুত অনুসমর্থন ও বাস্তবায়নের পাশাপাশি টেকসই শীতলীকরণ ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্বের সব দেশের প্রতি জোর তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব।