× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মণিপুরে পৃথক হামলায় ৪ কুকিকে গুলি করে হত্যা, আহত শিশু

আনন্দবাজার

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৮ পিএম

মণিপুরের পুলিশ সদস্যরা। ছবি আনন্দবাজার

মণিপুরের পুলিশ সদস্যরা। ছবি আনন্দবাজার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা থামছেই না। গত ২৪ ঘণ্টার ব্যবধানে রাজ্যটিতে পৃথক দুটি হামলায় কুকি নৃগোষ্ঠীর চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে ছয় বছর বয়সী এক শিশু।

রবিবারের এসব হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে কুকি সংগঠনগুলোর অভিযোগ, নাগা নৃগোষ্ঠীর সশস্ত্র ব্যক্তিরা এই হামলা চালিয়েছে। অবশ্য প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

হামলার দুটি ঘটনাই ঘটেছে মণিপুরের তামেংলং জেলায়। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, প্রথম হামলার ঘটনাটি ঘটে রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জেলার টোলেন গ্রামে। অজ্ঞাতপরিচয় একদল অস্ত্রধারী এক কুকি দম্পতির বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী। তবে তাদের ছয় বছর বয়সী সন্তানের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

একই দিন বিকেলে তামেংলংয়ের লংপি গ্রামে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। সেখানে দুর্বৃত্তদের গুলিতে এক নারীসহ আরও দুই কুকি নিহত হন। কুকিদের একটি নাগরিক সংগঠনের দাবি, রবিবারের এসব হামলার ঘটনার পর থেকে স্থানীয় এক নারী নিখোঁজ রয়েছেন।

এই ধারাবাহিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। একে ‘কাপুরুষোচিত হামলা’ উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই এ ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

মণিপুরে পাহাড়ি জনগোষ্ঠীর সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। ১৯৯২ সালে শুরু হওয়া কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের মে মাসে সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও সংখ্যালঘু কুকিদের মধ্যে নতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ে, যাতে প্রাণ হারান অন্তত ২৬০ জন।

সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে সংঘাত শুরুর প্রায় ২১ মাস পর, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এরপর ১৩ ফেব্রুয়ারি রাজ্যে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন। প্রায় এক বছর পর ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে বিজেপির ইয়ুমনাম খেমচাঁদ সিংয়ের নেতৃত্বে সেখানে নতুন সরকার গঠিত হয়। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও রাজ্যটিতে সংঘাতের অবসান হচ্ছে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা