× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় ৯০ দিন পানিবিহীন মুসলিম কলোনি, আছে হিন্দু এলাকায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৩ পিএম

পানির কল। প্রতীকী ছবি

পানির কল। প্রতীকী ছবি

চারদিকে কেবল পানি আর পানি। অথচ পান করার মতো একফোঁটা পানিও নেই কলকাতার কাশীপুরের জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের। গঙ্গার পাশেই আজ পানির জন্য হাহাকার করছে কয়েক হাজার মানুষ। শুকিয়ে যাওয়া পানির পাত্র, কাঁধে খালি কলসি আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে একবালতি পানির সন্ধান—জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের কাছে যেন এক অদ্ভুত বাস্তবতা। অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণে পানির সরবরাহ বন্ধ।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, ২০২৬ সালের ২৯ মে থেকে কাশীপুরের চিৎপুর জ্যোতিনগর কলোনির পরিস্থিতি এমনই। ৯০ দিনের বেশি সময় ধরে সেখানকার পানি সরবরাহ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছিল সড়কবাতিও, অবশ্য সেগুলো আবার চালু করা হয়েছে। কিন্তু কেন? স্থানীয় বাসিন্দারা বলছেন, এ কলোনিতে বসবাসকারী প্রায় ৫ হাজার মানুষ মুসলমান এবং তারা বিজেপিকে ভোট দেননি—এটাই মূল কারণ। 

তারা বলছেন, স্থানীয় বিজেপি এমএলএ রীতেশ তিওয়ারি নিজেই তাদের এ কথা বলেছেন এবং তার নির্দেশেই পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে বাসিন্দারা কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। তবে প্রতিকার পাননি। 

সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদক ওই কলোনিতে গিয়ে দেখেন, প্রতিটি বাড়ির বাইরে রাখা শুকিয়ে যাওয়া পানির পাত্র। সবগুলো খালি। খালি পাত্র বোঝাই করা একটি হাতেটানা ভ্যানের পাশে অপেক্ষা করছিল কয়েকজন কিশোরী। খাবার পানির খোঁজে অন্তত দেড় কিলোমিটার পথ হাঁটার প্রস্তুতি নিচ্ছিল তারা। প্রতিদিন এভাবেই তাদের পানির সন্ধানে যেতে হয়। কখনও কখনও তাদের পানির জন্য টাকা দিতে হয়, কখনও বিনামূল্যেও মেলে।

৯৫ শতাংশ মুসলিমের এই কলোনির পরিবারগুলো নিরাপদ খাবার পানির অভাবে গঙ্গার দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এতে শিশুদের শরীরে চর্মরোগ ও র‍্যাশ দেখা দিচ্ছে বলে জানান বাসিন্দারা। এমনকি মৃতদেহ গোসল করানোর মতো ধর্মীয় কাজেও নদীর নোংরা পানি ব্যবহার করতে হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। শিশুরা নদীতে গোসল করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতেও পড়ছে। অন্যদিকে, মাত্র ৫০০ মিটার দূরের হিন্দু অধ্যুষিত এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে বাসিন্দাদের দাবি। প্রতিবেশী হিন্দুদের কেউ কেউ মানবিক কারণে পানি দিয়ে সাহায্য করলেও তাদের মধ্যেও ভয় কাজ করছে—মুসলিমদের পাশে দাঁড়ালে তাদের পানির সংযোগও বন্ধ হয়ে যেতে পারে। 

বাসিন্দারা আরও অভিযোগ করছেন, পানি ও বিদ্যুৎ বন্ধ করে তাদের উচ্ছেদে বাধ্য করার চেষ্টা চলছে। তাদের দাবি, তারা কয়েক দশক ধরে সেখানে বসবাস করছেন এবং কলোনিটি নিবন্ধিত বস্তি। তবে বিধায়ক তিওয়ারি অভিযোগ অস্বীকার করে বলেছেন, জমিটি বন্দর কর্তৃপক্ষের এবং উচ্ছেদ নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলছে। পানি সরবরাহ কলকাতা পৌর সংস্থার দায়িত্ব বলেও দাবি করেন তিনি। নিজের এলাকার মানুষকে সহায়তা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তার মন্তব্য, ‘এটি আমার কাজ নয়।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা