× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের বিরোধিতা ব্রিকসের, সংঘাত থামানোর তাগিদ

আনাদোলু

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৯ পিএম

ব্রিকস জোটের নেতারা। ছবি: আনাদোলু

ব্রিকস জোটের নেতারা। ছবি: আনাদোলু

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুত বা উচ্ছেদের তীব্র বিরোধিতা করেছেন ব্রিকস জোটের নেতারা। একই সঙ্গে ইরান ও ইউক্রেন যুদ্ধসহ বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত নিরসনে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ এবং সংঘাত প্রতিরোধের ওপর জোর দিয়েছেন তারা।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া দুই দিনব্যাপী ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিনে শনিবার সর্বসম্মতভাবে ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত হয়। এই ঘোষণাপত্রে বিশ্বশান্তি ও চলমান সংকটগুলো নিয়ে জোটের অবস্থান তুলে ধরা হয়েছে।

ঘোষণাপত্রে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় অব্যাহত সহিংসতায় ব্রিকস নেতারা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করছেন। একই সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতাড়িত করার লক্ষ্য নিয়ে পরিচালিত সব ধরনের নীতি অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।

ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার ক্ষুণ্ন করে এবং সেখানে দখলদারত্বকে বৈধতা দেয় বা দীর্ঘায়িত করে—এমন যেকোনো ব্যবস্থার বিষয়েও উদ্বেগ জানানো হয়েছে ঘোষণাপত্রে। এতে বলা হয়, “আমরা পুনর্ব্যক্ত করছি যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ পথেই সম্ভব। এটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও নিজেদের ভূমিতে ফিরে আসার অধিকারসহ সব বৈধ অধিকারের স্বীকৃতির ওপর নির্ভরশীল।”

বিশ্বজুড়ে বর্তমান মেরুকরণ ও পারস্পরিক আস্থাহীনতার বিষয়টি উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের ঝুঁকি কমানোর আহ্বান জানিয়েছে ব্রিকস। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সংঘাত প্রতিরোধের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে জোটটি। এ ক্ষেত্রে সংকট সমাধানে আঞ্চলিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকার প্রতি সমর্থন জানানো হয়।

এ ছাড়া পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়ে নিরস্ত্রীকরণ, অস্ত্র নিয়ন্ত্রণ এবং পারমাণবিক বিস্তার রোধের আহ্বান জানিয়েছেন ব্রিকস নেতারা।

বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পারমাণবিক স্থাপনাগুলোতে ‘পরিকল্পিত হামলার’ বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় ঘোষণাপত্রে। এতে বলা হয়, মানুষ ও পরিবেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে যেকোনো সশস্ত্র সংঘাতের মধ্যেও পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা