বিসিসি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯ পিএম
আয়ারল্যান্ড সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির সাধারণ মানুষ। ছবি: বিবিসি
আয়ারল্যান্ড সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির সাধারণ মানুষ। রাজধানী ডাবলিনের ঐতিহাসিক ‘গার্ডেন অব রিমেমব্রেন্সে’ জড়ো হয়ে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে সরাসরি বার্তা দিয়েছেন—“বাড়ি ফিরে যান, আমরা আপনাকে এখানে চাই না।”
ডাবলিনের ব্যস্ত ও’কনেল স্ট্রিটের ঠিক পাশেই অবস্থিত গার্ডেন অব রিমেমব্রেন্স। সেখানে গানের তালে তালে এই বিক্ষোভ কর্মসূচি পরিচালিত হয়।
বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও স্লোগানে মূল বিষয় হয়ে উঠেছিল ইসরায়েল-গাজা সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড ফিলিস্তিনের অন্যতম কট্টর সমর্থক হিসেবে পরিচিত। ফলে এই জমায়েতের মাধ্যমে বিক্ষোভকারীরা ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির বিরুদ্ধে জোরালো বার্তা দেওয়ার চেষ্টা করেন।
বিক্ষোভে অংশ নেওয়া মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার বাসিন্দা টনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি ছিল একটি ‘লজ্জা ও চরম বিব্রতকর’ অধ্যায়। আরেক বিক্ষোভকারী অ্যাড্রিয়ান বলেন, “ট্রাম্প কেবল কোটিপতি শ্রেণির সেবা করেন। তিনি বিশ্বাস করেন, অর্থের জোরেই দুনিয়া চলে। আমি তাকে একেবারেই পছন্দ করি না।”
মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে ‘নিন্দনীয়’ আখ্যা দিয়েছেন অ্যাঞ্জেলা জেনিংস ও মার্গট ফিলি নামের দুই বিক্ষোভকারী। মার্গট বলেন, “তিনি সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। ইরানে একটি অপ্রয়োজনীয় যুদ্ধ চলছে এবং এর প্রভাব পড়ছে পুরো বিশ্বের ওপর।”
অ্যালিসন নামের আরেক বিক্ষোভকারী ট্রাম্পের উদ্দেশে তার স্পষ্ট মনোভাব ব্যক্ত করে বলেন, “বাড়ি ফিরে যান, আমরা আপনাকে এখানে দেখতে চাই না।”