× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৫ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েক। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েক। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়টি নয়াদিল্লির দ্বিপক্ষীয় আলোচনায় উঠেছে বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার তিনি এ তথ্য জানান।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন আনোয়ার ইব্রাহিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শনিবার এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এরপর এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় অবশ্যই এ ধরনের বিষয় নিয়ে বোঝাপড়া ও আলোচনা অব্যাহত রয়েছে।”

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, “উভয় দেশের স্বার্থ রক্ষার স্বার্থেই আমরা বিষয়টি একান্ত আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছি। তবে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক উন্নয়নের স্বার্থে আমরা বিষয়টি অগ্রাধিকার তালিকাতেই রেখেছি।”

প্রত্যর্পণের বিষয়ে আইনের শাসনের ওপর জোর দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “এ বিষয়ে (প্রত্যর্পণের দাবি) আমাদের বোঝাপড়া রয়েছে, তবে আমাদের খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। আইনের শাসনকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বও বজায় রাখতে হবে।”

২০১৬ সালে ভারত সরকার জাকির নায়েক ও তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করলে তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন। পরবর্তী সময়ে তাকে দেশটিতে স্থায়ী বসবাসের (পিআর) অনুমতি দেওয়া হয়।

ভারত আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালেও মালয়েশিয়া বরাবরই বলে আসছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ দেওয়া হলেই কেবল প্রচলিত আইনি প্রক্রিয়ায় তারা সহযোগিতা করবে। এর আগে পর্যাপ্ত প্রমাণের অভাব দেখিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করতে অস্বীকৃতি জানিয়েছিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

মালয়েশিয়ায় অবস্থানকালে বেশ কিছু মন্তব্যের কারণে দেশটির ভেতরেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন জাকির নায়েক। ২০১৯ সালে দেশটির জাতিগত সংখ্যালঘু চীনা ও ভারতীয়দের নিয়ে বিতর্কিত বর্ণবাদী মন্তব্য করে তিনি তীব্র রাজনৈতিক ও সামাজিক ক্ষোভের মুখে পড়েন। পরবর্তী সময়ে তিনি ওই মন্তব্যের জন্য ক্ষমা চান এবং তখন মালয়েশিয়ার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তার বক্তব্য দেওয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা