× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাক থেকে সৌদিতে ড্রোন হামলা, বন্ধ হলো গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০ পিএম

স্যাটেলাইট চিত্রে ১০ সেপ্টেম্বর মদিনার দক্ষিণে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের কাছে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স

স্যাটেলাইট চিত্রে ১০ সেপ্টেম্বর মদিনার দক্ষিণে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের কাছে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে ইরাক থেকে উৎক্ষেপণ করা ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার কথা স্বীকার করে ইরাক জানিয়েছে, এ ঘটনায় এক সামরিক কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইরাকের ইরান সীমান্তবর্তী একটি প্রদেশ থেকে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল বলে নিশ্চিত করেছে দেশটি।

১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ এই পাইপলাইনটি বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবকে হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের সুযোগ দেয়।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। এতে বৈশ্বিক তেল পরিবহন রুটগুলোর ওপর আরও চাপ তৈরি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে।

শুক্রবার সৌদি আরব জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করা হয়েছে। এ সময় হামলার স্থানটির কাছে পোড়া মাটি ও ধোঁয়ার স্যাটেলাইট ছবি প্রকাশ্যে আসে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ও বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, এই পাইপলাইন দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত পরিবহন করা হয়।

ইরাকের প্রধানমন্ত্রীর আহ্বানের পর আপাতত পাল্টা হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরাকের ভূখণ্ড থেকে হামলা ঠেকাতে ইরাকি সরকারের প্রচেষ্টাকে তারা সমর্থন করবে।

এক বিবৃতিতে সৌদি আরব বলেছে, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, স্থাপনা সুরক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার দেশটি সংরক্ষণ করে।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সীমান্তবর্তী মাইসান প্রদেশ থেকে ড্রোন হামলা চালানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রদেশটির অপারেশনস কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার ও কুয়েতকে নিয়ে গঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) হামলার নিন্দা জানিয়েছে। সংগঠনটির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি বলেন, এই হামলা ‘বিপজ্জনক উত্তেজনা’ সৃষ্টি করেছে এবং সৌদি আরবের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য ‘অগ্রহণযোগ্য হুমকি’। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইনের নীতিরও স্পষ্ট লঙ্ঘন।

এদিকে চলতি সপ্তাহে ইয়েমেনে দ্রুত অগ্রসর হয়ে হুথি যোদ্ধারা দেশটির উপকূলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

হুথিরা দাবি করেছে, তারা বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে। লোহিত সাগর ও সুয়েজ খালের প্রবেশপথ হিসেবে গুরুত্বপূর্ণ এই নৌপথে সৌদি জাহাজ ছাড়া অন্য সব কোম্পানির জন্য নৌ চলাচল ‘নিরাপদ’ থাকবে বলেও জানিয়েছে তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা