× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঠমান্ডু ঘোষণা

বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ার ঐকমত্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ২২:১০ পিএম

নেপালের কাঠমান্ডুতে শুক্রবার এসএডব্লিউইএনের প্রথম সাধারণ পরিষদ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

নেপালের কাঠমান্ডুতে শুক্রবার এসএডব্লিউইএনের প্রথম সাধারণ পরিষদ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ক্রমেই জটিল আন্তঃদেশীয় সংগঠিত অপরাধে রূপ নিচ্ছে। এর সঙ্গে দুর্নীতি, অবৈধ অর্থপ্রবাহ, অন্যান্য গুরুতর অপরাধ, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার ও সীমান্তের দুর্বলতার মতো বিষয় যুক্ত হচ্ছে।

এ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় বন্যপ্রাণী পাচার প্রতিরোধ এবং সংশ্লিষ্ট অপরাধ দমনে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সাউথ এশিয়া ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের (এসএডব্লিউইএন) সদস্য দেশগুলো ঐকমত্যের ভিত্তিতে ‘কাঠমান্ডু ঘোষণা’ গ্রহণ করেছে।

নেপালের কাঠমান্ডুতে শুক্রবার অনুষ্ঠিত এসএডব্লিউইএনের প্রথম সাধারণ পরিষদের সমাপনী দিনে সদস্য দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা এ ঘোষণা গ্রহণ করেন।

এতে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, শনাক্ত ও দমনে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং এসএডব্লিউইএনের লক্ষ্য ও নীতিমালার প্রতি সদস্য দেশগুলোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

কাঠমান্ডু ঘোষণায় গুরুতর বন্যপ্রাণী অপরাধ, বিশেষ করে আন্তঃদেশীয় ও সংগঠিত অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় গোয়েন্দাভিত্তিক ও আর্থিক তদন্ত, অর্থপাচারবিরোধী ব্যবস্থা, সম্পদ পুনরুদ্ধার এবং কার্যকর বিচারিক ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে তথ্য ও গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত আইন প্রয়োগ এবং ফৌজদারি বিচার সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়।

ঘোষণায় বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে বন্যপ্রাণী অপরাধ, বায়োপাইরেসি, জীবসম্পদে অবৈধ প্রবেশ এবং নতুন হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি রেঞ্জার, কাস্টমস কর্মকর্তা, পুলিশ, প্রসিকিউটরসহ সম্মুখসারির কর্মীদের দক্ষতা ও নিরাপত্তা জোরদারের অঙ্গীকার করা হয়।

প্রথম সাধারণ পরিষদের সমাপনী বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, “বন্যপ্রাণী অপরাধ এখন আর কোনো একক দেশের পক্ষে একা মোকাবিলা করা সম্ভব নয়। এ অপরাধ ক্রমেই সংগঠিত, আন্তঃসীমান্ত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। পাচারকারীরা যেমন জাতীয় সীমানা মানে না, তেমনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিক্রিয়াও সীমান্তের গণ্ডি পেরিয়ে সমন্বিত হতে হবে।”

তিনি বলেন, সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা, পারস্পরিক আস্থা ও অভিন্ন অঙ্গীকারের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যৎ আঞ্চলিক উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি।

সময়োপযোগী গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ তদন্ত ও সমন্বিত অভিযান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা এবং অনলাইনভিত্তিক বন্যপ্রাণী পাচার ও আর্থিক তদন্তে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ঘোষণায় জনসচেতনতা, শিক্ষা, আচরণগত পরিবর্তন এবং অবৈধ বন্যপ্রাণী পণ্যের চাহিদা কমাতে স্থানীয় জনগোষ্ঠী, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, তরুণ, নারী, গণমাধ্যম এবং পরিবহন, লজিস্টিকস, আর্থিক সেবা, ই-কমার্স ও পর্যটন খাতকে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতি বছর ৩০ জানুয়ারি ‘এসএডব্লিউইএন ডে’ পালনের ঘোষণাও দেওয়া হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা