আল জাজিরা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৫ পিএম
আরব আমিরাত ও আলজেরিয়ার পতাকা। ফাইল ছবি
আবুধাবির বিরুদ্ধে ধারাবাহিক ‘উসকানিমূলক বা শত্রুতামূলক’ পদক্ষেপের অভিযোগ এনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া। দেশটির দাবি, বারবার সতর্ক করার পরও আমিরাত এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছিল।
বৃহস্পতিবার আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ড এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আর গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। দেশটি আরও উল্লেখ করেছে, তারা ‘দ্বিপক্ষীয় সম্পর্ক টিকিয়ে রাখার সব উপায় নিঃশেষ করেছে।’
বিবৃতিতে বলা হয়, আলজেরিয়ায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত কার্যকরে তাকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়া ও আমিরাতের মধ্যকার সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছিল। বেশ কয়েকটি আঞ্চলিক ইস্যুতে আলজিয়ার্স ও আবুধাবি সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করে। আলজেরিয়া যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোর বিরোধী, সেখানে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ‘আব্রাহাম চুক্তি’র আওতায় আমিরাত এবং আলজেরিয়ার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মরক্কো ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
এ ছাড়া কয়েক দশকের পুরোনো পশ্চিম সাহারা বিরোধেও দেশ দুটি পরস্পরের বিপরীত অবস্থানে রয়েছে। ওই বিতর্কিত ভূখণ্ডের ওপর মরক্কোর সার্বভৌমত্বের দাবিকে সমর্থন দিয়ে সেখানে একটি কনস্যুলেট খুলেছে আমিরাত। অন্যদিকে স্বাধীন পশ্চিম সাহারার দাবিতে লড়াই করা ‘পোলিসারিও ফ্রন্ট’কে সমর্থন দিয়ে আসছে আলজেরিয়া।
আফ্রিকার সাহেল অঞ্চলেও দুই দেশের স্বার্থের দ্বন্দ্ব প্রকট হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আমিরাত অঞ্চলটির বেশ কয়েকটি সরকারের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে। বিপরীতে, একের পর এক সামরিক অভ্যুত্থানের পর দক্ষিণাঞ্চলীয় কিছু প্রতিবেশীর সঙ্গে আলজেরিয়ার সম্পর্কের অবনতি ঘটে।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুন বিভিন্ন সময়ে দেওয়া ভাষণে আমিরাতকে একটি ‘ক্ষুদ্র রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে অভিযোগ করেন যে দেশটি অঞ্চলের বেশ কয়েকটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
গত জুলাই মাসে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট তেবুন বলেছিলেন, “তারা যেখানেই পা রাখে, সেখানেই রক্ত ঝরে।”
তিনি আরও বলেন, আমিরাতের একটি “খুবই নেতিবাচক প্রভাব” রয়েছে। তিনি আরও যোগ করেন, “আমরা চাই তারা দূরে থাকুক, যাতে আমাদের দেশে রক্ত না ঝরে।”
সে সময় তেবুন আরও উল্লেখ করেছিলেন যে, আরব বিশ্বে “বিভাজন আরও গভীর হওয়া” এড়াতে আলজেরিয়া সচেষ্ট না থাকলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার এই ঘটনাটি “অনেক আগেই ঘটত।”