প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৭ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৮ পিএম
প্রতীকী ছবি
মাত্র দেড় মাসে কারাগারে থাকা ৫৯ বছর বয়সি এক আসামির ২১ কেজি ওজন কমে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বম্বে হাই কোর্ট। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি বিবেচনায় নিয়ে ওই আসামিকে জামিন দিয়েছে আদালত।
গত জুনে প্রতিবেশীকে ভয় দেখানো ও ব্ল্যাকমেল করার অভিযোগে রাধামোহন মিশ্র নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর মাত্র ৪৮ দিনে কারাগারেই তার ২১ কেজি ওজন কমে যায়। পাশাপাশি তার বেশ কিছু শারীরিক জটিলতার কথাও আদালতের নজরে আনা হয়।
শুনানিতে সরকারি আইনজীবী আসামির জামিনের বিরোধিতা করে যুক্তি দেন যে, কারাবন্দী অবস্থাতেই তার চিকিৎসা করানো হোক। তবে আদালতের একক বেঞ্চের বিচারপতি মিলিন্দ যাদব সেই যুক্তি খারিজ করে দেন।
আদালতে আসামির আইনজীবী জানান, অতীতে রাধামোহনের ‘স্লিভ গ্যাস্ট্রেক্টমি’ অস্ত্রোপচার হয়েছিল, যার ফলে তার পাকস্থলীর ৮০ শতাংশ বাদ দেওয়া হয়। এই শারীরিক অবস্থার কারণে তাকে নিয়মিত তরল বা আধা-তরল খাবার খেতে হয়। কিন্তু গ্রেপ্তারের পর থেকে তিনি সেই বিশেষ খাদ্যাভ্যাস বজায় রাখতে পারছেন না।
আদালতের নজরে আসে যে, কারাবন্দী অবস্থায় রাধামোহন বমি, মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। এ বিষয়ে বিচারপতি মিলিন্দ যাদবের একক বেঞ্চ পর্যবেক্ষণ করে বলেন, “আসামির শারীরিক অবস্থা যে উদ্বেগজনক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হেফাজতে থাকাকালীন তার চিকিৎসার যে বিবরণ মিলেছে, তা সাধারণ মানুষের কাছেও উদ্বেগজনক মনে হবে।”
বিচারপতি আরও বলেন, “প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে, মাত্র ৪৮ দিনে জেলে থেকে তার ওজন ২১ কেজি কমে গিয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং তার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। তার আগে থেকেই থাকা শারীরিক সমস্যার কারণে বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে।”
আদালত আশঙ্কা প্রকাশ করে জানায়, এই অবস্থায় আসামিকে জেল বা জেল হাসপাতালে রেখে চিকিৎসা করা হলে তার স্বাস্থ্যের আরও অপূরণীয় অবনতি হতে পারে। এসব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন বিচারপতি।
এ সময় আদালত এ-ও উল্লেখ করে যে, চিকিৎসার প্রয়োজনে জামিন চাওয়ার বিষয়টি অনেক সময় অপব্যবহার করা হয়ে থাকে। তবে বিচারব্যবস্থার দীর্ঘদিনের প্রচলিত নীতি—‘জামিনই নিয়ম, জেল ব্যতিক্রম’—এর কথা এ সময় স্মরণ করিয়ে দেন বিচারক।
তথ্যসূত্র: আনন্দবাজার