প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫১ পিএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। তিনি বলেছেন, সৌদি আরবকে লক্ষ্য করে যেকোনো আগ্রাসী হামলা মক্কা প্রতিরক্ষা চুক্তিকে সক্রিয় করে তুলতে পারে।
পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা চুক্তির শর্তাবলি মেনে চলতে বাধ্য এবং সৃষ্টিকর্তার ইচ্ছায়, কোনো আগ্রাসন চালানো হলে আমরা এই চুক্তির প্রতি সম্মান জানাব। এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকার সুযোগ নেই। হুতিদের বোঝা উচিত যে তাদের কর্মকাণ্ডের ফলে চুক্তিটি কার্যকর হয়ে উঠতে পারে।
গত ১৭ সেপ্টেম্বর মক্কায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির প্রধান শর্ত বা সারবস্তু হলোÑ চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশ যদি বাইরের কোনো শক্তির আক্রমণের শিকার হয়, তাহলে স্বাক্ষরকারী অন্য দেশগুলো তাদের যাবতীয় সামরিক সক্ষমতাসহ আক্রান্ত অংশীদারের পাশে থাকবে।
হুতিদের দমন করতে রিয়াদ ইসলামাবাদের সহযোগিতা চেয়েছে কি না এমন প্রশ্নের জবাবে খাজা মুহম্মদ আসিফ বলেন, আমি এখনও জানি না যে ইসলামাদের কাছে রিয়াদ সহযোগিতা চেয়েছে কি না। আমরা চাই শিগগিরই সংঘাতের নিরসন হবে। কিন্তু যদি তা না ঘটে এবং রিয়াদ ইসলামাবাদের সহযোগিতা চায়, সেক্ষেত্রে আমরা চুক্তি মেনে সহযোগিতা করতে বাধ্য থাকব।
সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুতি গোষ্ঠীর দ্বন্দ্ব ২০১৪ সাল থেকে। ওই বছর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর এক বছরের মধ্যে ২০১৫ সালে ইরানের মদদপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়। রাজধানী দখলের পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদিতে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি সেনাবাহিনী।
বর্তমানে ইয়েমেনের মোট ভূখণ্ডের অর্ধেক হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে। বাকি অর্ধেক নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। ২০২২ সালে হুতি বিদ্রোহী এবং সৌদি আরবের মাধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু গত জুলাই মাসে সানার বিমানবন্দরে হামলার পর থেকে সৌদি-হুতি সম্পর্ক ফের তিক্ত হয়ে ওঠে।
গত সোমবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকার একটি কারাগারে হামলা করেছিল সৌদি জোট, এতে ১১ জন কয়েদি নিহত হয়েছে। সেই হামলার শোধ নিতে মঙ্গলবার সৌদির দক্ষিণাঞ্চলীয় ৪ জেলায় ভয়াবহ হামলা পরিচালনা করেছে হুতি গোষ্ঠী। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন।