প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪২ পিএম
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ছবি: সংগৃহীত
আশপাশের দেশ নয়, বরং আশপাশের প্রদেশই পাঞ্জাবের নিরাপত্তার মূল হুমকি। তাই ভারত বা আফগানিস্তানের দিকে অভিযোগের তীর না ছুড়ে বরং পাকিস্তানের অভ্যন্তরেই সন্ত্রাসের শেকড় খুঁজে বের করে তা উৎপাটন করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তার এই মন্তব্যের পর পাকিস্তানে রীতিমতো রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজনৈতিক নেতারা তীব্র সমালোচনা করেছেন। এই বিতর্কের জেরে মরিয়মের বক্তব্যের সাফাই গেয়েছেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী উজমা বুখারি। খবর ডনের।
খাইবার পাখতুনখোয়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের মূল ভুক্তভোগী। ফলে মরিয়মের এমন মন্তব্যে সেখানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী এই মন্তব্যের জন্য মরিয়ম নওয়াজকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলেছেন।
তবে সমালোচনার জবাবে এক ভিডিও বার্তায় পাঞ্জাবের তথ্যমন্ত্রী উজমা বুখারি বলেন, সমালোচকরা ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে ‘প্রাদেশিক ও জাতিগত রূপ’ দেওয়ার চেষ্টা করছেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘মরিয়ম নওয়াজ মূলত ওই সব সন্ত্রাসীর কথা বুঝিয়েছেন, যারা কোনো একটি নির্দিষ্ট প্রদেশে সীমাবদ্ধ না থেকে আন্তঃপ্রাদেশিক সীমানা পেরিয়ে শেষ পর্যন্ত পাঞ্জাবে ঢুকে পড়ে। এখানে আপত্তির কী আছে?’
উজমা বুখারি দাবি করেন, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো পুরো দেশের জন্যই বড় নিরাপত্তা হুমকি। তবে, ভারত সরাসরি সংঘাতে না গিয়ে ছায়াগোষ্ঠীর মাধ্যমে এই সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তথ্যমন্ত্রী জানান, পাঞ্জাব সরকার ইতোমধ্যে সন্ত্রাস দমন দপ্তর ঢেলে সাজিয়েছে এবং প্রদেশের ভেতরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের স্লিপার সেল ধ্বংস করে দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
খাইবার পাখতুনখোয়া সরকারের কড়া সমালোচনা করে পাঞ্জাবের তথ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখা মূলত প্রাদেশিক সরকারের দায়িত্ব। শুধু সেনাবাহিনী ও পুলিশের হাতে প্রদেশ তুলে দিয়ে নিজেদের দায়িত্ব এড়ানো যায় না। ক্ষমা চাওয়ার দাবির পাল্টা জবাবে তিনি বলেন, খাইবার পাখতুনখোয়া সরকারের উচিত রাজনৈতিক সংঘাতের বদলে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় মনোযোগ দেওয়া এবং পাঞ্জাবের মতো তাদেরও উচিত নিজেদের প্রদেশের স্লিপার সেলগুলো নির্মূল করা।
মরিয়ম নওয়াজের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদের শেকড় কতটা গভীরে, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে এই ঘটনা পাঞ্জাবের ক্ষমতাসীন সরকার এবং খাইবার পাখতুনখোয়ার পিটিআই সমর্থিত প্রশাসনের মধ্যে চলমান তিক্ত রাজনৈতিক বিরোধকে আরও উসকে দিয়েছে।