বিবিসি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৪ পিএম
প্রতীকী ছবি/বিবিসি
ইয়েমেনে ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে অন্তত ৩২টি বিমান হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তোলা হয়েছে।
সৌদি আরবে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঠিক একদিন পর এই বিমান হামলার ঘটনা ঘটল।
হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ‘আল-মাসিরাহ’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় বিভিন্ন এলাকার ৩২টি স্থানে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে গত মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে তাদের একটি তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ওই হামলায় বেশ কয়েকজন আহত হন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঙ্গলবারের এক বিবৃতিতে বলা হয়, আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান শহরের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে হুথিরা ধারাবাহিক হামলা চালিয়েছে। এসব হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন সৌদি নাগরিক আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, “নিরপরাধ বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের অব্যাহত হামলার গুরুতর পরিণতি হতে পারে।”