আইফেল টাওয়ার
প্যারিসের শহরতলিতে নিজেদের প্রথম বড় মন্দির উদ্বোধন করতে ফ্রান্সে যায় বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামিনারায়ণ সংস্থা বাপসের ১০০ সদস্যের প্রতিনিধিদল। শনিবার তারা আইফেল টাওয়ার পরিদর্শনে গেলে ঘটে বিপত্তি। টাওয়ার পরিচালনাকারী কোম্পানি সেতের ব্যবস্থাপকরা প্রতিনিধিদলের শর্ত মেনে নারী কর্মীদের দৃশ্যপট থেকে সরিয়ে দেন। ছবি: রেডিফ
প্যারিসের আইফেল টাওয়ার শুধু একটি দর্শনীয় স্থানই নয়; এটি ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার এক নীরব সাক্ষী। অথচ সেই সাম্যের পাদদেশেই কি না নারী কর্মীদের বলা হলো ‘অদৃশ্য’ হয়ে যেতে! কারণ? একদল হিন্দু সাধু টাওয়ার পরিদর্শনে আসবেন, আর তাদের সামনে নারীদের উপস্থিতি নাকি ‘বাঞ্ছনীয়’ নয়। এমন অদ্ভুত ও অবমাননাকর নির্দেশনার প্রতিবাদে তীব্র ক্ষোভে ফুঁসে ওঠেন আইফেল টাওয়ারের কর্মীরা। নজিরবিহীন এক ধর্মঘটে এক দিন বন্ধ থাকার পর মঙ্গলবার অবশ্য ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই আইকনিক স্থাপনা। খবর দ্য গার্ডিয়ান ও টাইমস অব ইন্ডিয়ার।
প্যারিসের শহরতলিতে নিজেদের প্রথম বড় মন্দির উদ্বোধন করতে ফ্রান্সে যায় বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামিনারায়ণ সংস্থা বাপসের ১০০ সদস্যের প্রতিনিধিদল। শনিবার তারা আইফেল টাওয়ার পরিদর্শনে গেলে ঘটে বিপত্তি। টাওয়ার পরিচালনাকারী কোম্পানি সেতের ব্যবস্থাপকরা প্রতিনিধিদলের শর্ত মেনে নারী কর্মীদের দৃশ্যপট থেকে সরিয়ে দেন।
কর্মীদের অভিযোগ, তাদের নির্দিষ্ট কিছু কক্ষে অপেক্ষা করতে বা লুকিয়ে থাকতে বলা হয়েছিল। অনেক জায়গা থেকে নারীদের সরিয়ে পুরুষদের পাহারায় বসানো হয়। এমনকি সাধুরা যখন টাওয়ারের যে অংশ দিয়ে হেঁটে গেছেন, নারী কর্মীদের সেদিক দিয়ে হাঁটা বা পারাপারেও কঠোর নিষেধাজ্ঞা ছিল।
ক্ষোভ ও ধর্মঘট
একুশ শতকে এসে খোদ ফ্রান্সে এমন বৈষম্যমূলক আচরণ মানতে পারেননি কর্মীরা। ক্ষোভে ফেটে পড়ে সোমবার এক দিনের ধর্মঘটের ডাক দেন তারা। ফলে সারা দিন বন্ধ থাকে আইফেল টাওয়ার। কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, লিঙ্গের কারণে নারীদের এভাবে সরিয়ে দেওয়া এবং অদৃশ্য করে রাখার পেশাদারি এই নির্দেশনা শুধু হতাশাজনকই নয়, এটি চরম অবমাননাকর। সাম্য ও বৈষম্যহীনতার যে নীতি ফ্রান্স ধারণ করে, এই ঘটনা তার সম্পূর্ণ পরিপন্থী।
ক্ষমা চাইল বাপস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির সঙ্গে বাপস গোষ্ঠীর ঘনিষ্ঠতা রয়েছে। গত রবিবার প্যারিসের কাছে ৯৩ বছর বয়সী আধ্যাত্মিক নেতা মহন্ত স্বামী মহারাজের উপস্থিতিতে তাদের নতুন মন্দিরটি উদ্বোধন করা হয়।
আইফেল টাওয়ারের ঘটনায় তুমুল সমালোচনার মুখে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাপস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। তাদের দাবি, কোনোভাবেই লিঙ্গবৈষম্যের উদ্দেশ্যে এমন অনুরোধ করা হয়নি; বরং পরিদর্শনের সময় যাতে কারও কোনো বিঘ্ন না ঘটে, সেজন্যই টাওয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছিল।
রাজনৈতিক অঙ্গনের প্রতিক্রিয়া
ধর্মীয় গোষ্ঠীর এমন যুক্তিতে শান্ত হননি ফরাসি রাজনীতিবিদরা। টাওয়ার পরিচালনাকারী কোম্পানির প্রেসিডেন্ট ও প্যারিস সেন্টারের মেয়র অ্যারিয়েল ওয়েইল ঘটনাটিকে ‘পুরোপুরি হতবাক করার মতো এবং অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়ে বলেছেন, এমন শর্ত কোনোভাবেই মেনে নেওয়া উচিত হয়নি। প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে কড়া ভাষায় বলেছেন, ‘ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের পাদদেশে লিঙ্গসমতা কখনও থমকে যেতে পারে না। এটি ফরাসি মূল্যবোধ নয়।’
নারী সমতাবিষয়ক মন্ত্রী অরোরে বার্গেসহ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী গ্যাব্রিয়েল আটাল ও কট্টর ডানপন্থী নেত্রী ম্যারিন লা পেনও একযোগে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের সবারই এক কথাÑ ফ্রান্সে কোনো ধর্ম, বিশ্বাস বা সংস্কৃতি নারীদের অবস্থান নির্ধারণ করে দিতে পারে না।