× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের পাঁচ ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬ এএম

জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। ছবি: ইপিএ

জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। ছবি: ইপিএ

উপসাগরীয় অঞ্চলে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চারটি ট্যাংকারে ওমান উপসাগরে এবং একটি খার্গ দ্বীপের কাছে হামলা চালানো হয়।

তেহরানের পক্ষ থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজে দুই দিনে দুবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছিল- এমন অভিযোগের পর এসব হামলা চালায় ওয়াশিংটন।

মঙ্গলবারের এসব হামলার জবাবে ইরান জর্ডানে অবস্থিত মার্কিন সেনাদের ঘাঁটি আল আজরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে থাকা আরও দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের দাবি, এসব হামলায় ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি’ হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ছয় মাসে গড়িয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তেহরান এখনও হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করছে।

এই সংঘাতের প্রভাবে বুধবারের শুরুর দিকের লেনদেনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গত দুই দিনে একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে দুবার হামলার চেষ্টা করেছে। তবে জাহাজটি ‘সফলভাবে ইরানের হামলা এড়িয়ে যায়’।

সেন্টকম জানায়, এসব হামলার জবাবে তারা ওমান উপসাগরে ইরানের তেলবাহী জাহাজ এমটি কাভিজ, এমটি চারমিনার, এমটি হরাইজন ১ ও এমটি রিয়েস্কো এবং খার্গ দ্বীপের কাছে এমটি দেরিয়া ট্যাংকারে হামলা চালিয়ে ধ্বংস করেছে।

সেন্টকম আরও জানায়, জাহাজগুলোতে হামলার আগে সেগুলোর ক্রুদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর জাহাজগুলোতে হামলা চালিয়ে সেগুলো অচল করে দেওয়া হয়।

জর্ডানে হামলার দাবি ইরানের

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি খার্গ দ্বীপের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধ শুরুর আগে দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হতো।

আইআরআইবি জানায়, হামলার পর একটি ট্যাংকারের ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ওমান উপসাগরের দক্ষিণাঞ্চলীয় বন্দর জাস্কের কাছে আরেকটি ট্যাংকারে হামলা হয়েছে বলেও জানানো হয়।

আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, এর জবাবে জর্ডানের আল আজরাক ঘাঁটিতে ‘তীব্র ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে ইরান। এসব হামলায় মার্কিন যুদ্ধবিমান ব্যবহৃত কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

এরপর আইআরজিসি দাবি করে, মার্কিন নৌবাহিনীর ডিডিজি-১১৯ ও ডিডিজি-৫৩ ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে জাহাজ দুটির ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি করা হয়।

পরবর্তী এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী জানায়, তারা ওই অঞ্চলে ‘দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে’ হামলা চালিয়েছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরানের আগের বিবৃতিতে উল্লেখ করা দুটি ডেস্ট্রয়ারই পরের দাবিতে বলা ‘দুটি মার্কিন জাহাজ’ কি না, তা স্পষ্ট নয়।

ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাহাজগুলোতে হামলার আগে আইআরজিসি এক বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী ট্যাংকারে হামলার হুমকি দিয়েছিল। একই সঙ্গে সেখানে অবস্থানরত জাহাজের ক্রুদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এর মধ্যে ১৮টি সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়ে।

জর্ডানের সামরিক বাহিনী জানায়, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও ছড়িয়ে পড়া ধাতব টুকরো যেখানে পড়েছে, সেসব স্থান নিরাপদ করতে বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হলে পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাবে তেহরান।

এদিকে মঙ্গলবার আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন আটক করেছে তারা। আইআরজিসির ভাষ্য, ‘জটিল গোয়েন্দা ও সামরিক অভিযানের’ মাধ্যমে এটি আটক করা হয়েছে।

তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় নজরদারি চালানো ওই পানির নিচের ড্রোনটি আসলে ‘কারিগরি ত্রুটির’ কারণে অচল হয়ে পড়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা