প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩২ এএম
ইয়েমেনি সশস্ত্র বাহিনী। ছবি: এএফপি
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের লক্ষ্য এক দশকেরও বেশি সময় পর রাজধানী সানা পুনর্দখল করা। ২০১৪ সালে ইরান-সমর্থিত হুথিরা রাজধানীটি দখল করে নেয়।
সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ইয়েমেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি বলেন, “সানা পুনর্দখলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এ ঘোষণা এমন সময় এলো, যখন আল-বাইদা ও আল-জাওফ প্রদেশে লড়াই তীব্র হয়েছে। রাজধানী সানায় যাওয়ার অন্যতম প্রধান প্রবেশপথ হিসেবে বিবেচিত আল-জাওফে একটি কারাগারে হামলায় সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথিরা।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ইয়েমেনে সবচেয়ে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ঘটনাগুলোর একটি।
২০১৪ সালে হুথিরা সানা দখল করার পর দেশটিতে যুদ্ধ শুরু হয়। পরের বছর হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে।
কূটনীতিকরা আশা করেছিলেন, ২০২২ সালের যুদ্ধবিরতি একটি স্থায়ী রাজনৈতিক সমঝোতার পথ তৈরি করবে। তবে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় সেই প্রচেষ্টা থমকে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধকে কেন্দ্র করে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
জুলাইয়ে ইয়েমেনি সরকারি বাহিনী হুথি-নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলা চালানোর পর আবারও সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণ করতে পারেনি। এরপর গত সপ্তাহে হুথিরা বড় ধরনের অভিযান শুরু করে। তারা পশ্চিমাঞ্চলীয় তাইজ ও দক্ষিণের হোদেইদাহ হয়ে আল-মাখা বন্দরনগরী এবং লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।
এর আগে হুথিরা ওই জলপথ দিয়ে চলাচলকারী সৌদি জাহাজের ওপর অবরোধ ঘোষণা করেছিল।
বাব আল-মান্দাব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ একটি পথ। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর সময় হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করার পর সৌদি আরবের তেল রপ্তানির ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব আরও বেড়েছে।
বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়েছে সংঘাত
আল-জাজিরার ইয়েমেনবিষয়ক সম্পাদক আহমেদ আল-শালাফি বলেন, সরকারি বাহিনী হুথিদের সাম্প্রতিক আক্রমণের প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছে। এরপর তারা বিভিন্ন ফ্রন্টে লড়াই ছড়িয়ে দিয়েছে। এর উদ্দেশ্য আংশিকভাবে হুথি বাহিনীকে বিভিন্ন দিকে ব্যস্ত রাখা এবং তাদের ওপর চাপ বাড়ানো।
তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত মূলত তাইজের পশ্চিমাঞ্চল ও হোদেইদাহর দক্ষিণে লড়াই সীমাবদ্ধ ছিল। এখন তা আল-দালেয়া, মারিব, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশেও ছড়িয়ে পড়েছে।
আল-শালাফির মতে, আল-জাওফ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রদেশের সঙ্গে সৌদি আরবের সীমান্ত রয়েছে এবং এখান থেকে হুথিদের প্রধান ঘাঁটি সাদার দিকে যাওয়ার পথ রয়েছে। অন্যদিকে আল-বাইদা ইয়েমেনের কেন্দ্রস্থলে অবস্থিত এবং উত্তর ও দক্ষিণের চারটি করে মোট আটটি প্রদেশের সঙ্গে সংযুক্ত।
চলমান সংঘাতে ইতোমধ্যে শত শত মানুষ হতাহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত প্রায় ৯০০ মানুষ নিহত বা আহত হয়েছেন। হতাহতদের বেশির ভাগই তাইজ ও দেশটির পশ্চিম উপকূলীয় এলাকায়। সংস্থাটি জানিয়েছে, শুধু তাইজ থেকেই আনুমানিক ২১ হাজার মানুষ—প্রায় ৩ হাজার পরিবার—বাস্তুচ্যুত হয়েছে।