× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে বন্যায় প্রাণহানি ১৩৫৫

‘জলবায়ুবিচার’ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রেসিডেন্টের আরজি

কাঠমান্ডু পোস্ট

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৭ পিএম

নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। ছবি: কাঠমান্ডু পোস্ট

নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। ছবি: কাঠমান্ডু পোস্ট

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘জলবায়ুবিচারের’ (ক্লাইমেট জাস্টিস) দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। 

সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি পরিবেশগত পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ববাসীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রেসিডেন্ট পৌডেল বলেন, এই বিপর্যয় হিমালয় অঞ্চলের পরিবেশের চরম নাজুকতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। এটি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়ে এক কঠোর সতর্কতা। 

তিনি বলেন, “আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে আবেদন করছি—নেপালের মতো পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্তনাদ শুধু শুনলেই হবে না, তাদের জন্য জলবায়ুবিচার নিশ্চিত করতে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতি

সোমবার প্রকাশিত সরকারি তথ্যানুযায়ী, বন্যায় এ পর্যন্ত নেপালের আটটি জেলায় ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৯৯৬ জন। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, ঘরবাড়ি ও অবকাঠামো খাতে প্রায় ৩৮ হাজার ৭৫০ কোটি রুপি বা ২৫৬ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

এই দুর্যোগকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, “আজ পুরো জাতি এই ভয়াবহ বিপর্যয়ে শোকাহত।” এ সময় তিনি উদ্ধার অভিযানে নিয়োজিত নেপালি সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টার প্রশংসা করেন।

জাতীয় ঐক্যের ডাক

রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট পৌডেল বলেন, “এখন একে অপরকে দোষারোপ করা বা রাজনৈতিক দ্বন্দ্বে লিপ্ত হওয়ার সময় নয়। এখন জাতীয় সংহতি প্রদর্শনের সময়। আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অর্থনৈতিক পুনরুদ্ধার।” 

নেপালকে তার উন্নয়নের মডেল পুনর্বিবেচনা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

উদ্ধার অভিযান ও মানবিক সহায়তা

দুর্গম পাহাড়ি এলাকা ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট। তিনি বলেন, “নিখোঁজদের পরিবার যে অনিশ্চয়তা ও যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, তা পুরো জাতি অনুভব করছে।”

তিনি উদ্ধারকৃত ব্যক্তিদের জন্য পর্যাপ্ত খাদ্য, নিরাপদ পানীয় জল, আশ্রয় এবং চিকিৎসার পাশাপাশি মানসিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী এবং অন্তঃসত্ত্বা নারীদের সুরক্ষায় বাড়তি মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া দুর্যোগকবলিত নেপালি ও বিদেশি নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করার ওপর জোর দেন তিনি।

বক্তব্যের শেষে তিনি প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দ্রুত মানবিক সহায়তা ও কারিগরি বিশেষজ্ঞ পাঠানোর জন্য ধন্যবাদ জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা