আনাদোলু
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৫ পিএম
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরের উপকূলে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে জাহাজ। ৫ সেপ্টেম্বর ২০২৬। ছবি: এএফপি/টার্কি টুডে
পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার যেকোনো ধরনের সামরিক অংশগ্রহণ ‘গুরুতর পরিণতি’ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
এই অঞ্চলে নৌ চলাচল নিরাপদ রাখার মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টায় সিউল সেনা পাঠানোর কথা বিবেচনা করছে—এমন খবরের প্রেক্ষাপটে সোমবার এই কড়া বার্তা দেয় তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ৬৪ বছরের বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে। তেহরান দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয়।
তবে বাকায়ি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতি বা কোনো বিশেষ অভিযানে অংশগ্রহণ ‘আগ্রাসনকে সরাসরি সমর্থন’ হিসেবে গণ্য করা হবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে ‘আগ্রাসন ও যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে বলেন, কোনো সার্বভৌম ও দায়িত্বশীল দেশের উচিত হবে না মার্কিন চাপের মুখে নতি স্বীকার করে ইরানি জনগণের বিরুদ্ধে অপরাধে অংশীদার হওয়া।
এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং হরমুজ প্রণালিতে নিজেদের জাহাজসহ সব বাণিজ্যিক নৌযানের অবাধ চলাচল নিশ্চিতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে সামরিক অবদান রাখতে সিউলের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, সেনা মোতায়েনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি এখনো পর্যালোধীন।
সিউল জানিয়েছে, দেশের প্রতিরক্ষা প্রস্তুতি বিঘ্নিত না করে আন্তর্জাতিক প্রচেষ্টায় কোনো সামরিক সহায়তা দেওয়া যায় কি না, তা তারা খতিয়ে দেখছে। এর আগে স্থানীয় সংবাদমাধ্যম এসবিএস এক প্রতিবেদনে জানিয়েছিল, সিউল পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল (ইওডি) এবং একটি লজিস্টিক সাপোর্ট জাহাজ মোতায়েনের প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে।
দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ মিত্র দেশ। দেশটিতে বর্তমানে প্রায় ৩৯ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের জন্য সিউলের জাতীয় নিরাপত্তা পরিষদ, মন্ত্রিসভা এবং পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে।