× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফি বৈধ করার কথা ভাবছে ইউক্রেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের খরচ সামলাতে এক ব্যতিক্রমী পরিকল্পনা হাতে নিয়েছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা খাতের জন্য বছরে প্রায় ১২০ বিলিয়ন বা ১২ হাজার কোটি ডলার প্রয়োজন। বিপুল এই অর্থের যোগান দিতে এবার পর্নোগ্রাফি শিল্পকে বৈধ করার এবং তা থেকে কর আদায়ের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ভলোদিমির জেলেনস্কির সরকার।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।

আইনি জটিলতা ও 'ট্রাজিকমিক' পরিস্থিতি

ইউক্রেনের বর্তমান আইন অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই অপরাধে দেশটিতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে কঠোর আইন থাকলেও দেশটিতে পর্দার আড়ালে এই শিল্প বেশ সমৃদ্ধ। কর্মকর্তাদের দাবি, পুলিশের একটি অংশের যোগসাজশেই এই অবৈধ কারবার চলছে। ইউক্রেনের জেনারেল প্রসিকিউটর অফিসের তথ্যমতে, অনেক অঞ্চলের পুলিশ এই খাত থেকে প্রতি মাসে অন্তত ২০ হাজার ডলার করে ঘুষ নিচ্ছে।

এই পরিস্থিতিতে দেশটিতে এক অদ্ভুত ও ‘ট্রাজিকমিক’ (একই সঙ্গে হাস্যকর ও বেদনাদায়ক) সংকট তৈরি হয়েছে। ইউক্রেনীয় কর কর্তৃপক্ষ পর্নোগ্রাফি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে কর দাবি করছে। কিন্তু কেউ যদি কর প্রদান করেন, তবে তিনি পরোক্ষভাবে একটি ফৌজদারি অপরাধে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে নিচ্ছেন। ইউক্রেনের পার্লামেন্টের অর্থ কমিটির চেয়ারম্যান ইয়ারোস্লাভ জেলেজনিয়াক বলেন, “নারীরা হয় কর না দিয়ে কর ফাঁকির দায়ে অভিযুক্ত হচ্ছেন, অথবা কর দিয়ে পর্নোগ্রাফি আইন লঙ্ঘনের দায়ে ফেঁসে যাচ্ছেন।”

লক্ষ্য ৩০ হাজার ড্রোন

জেলেজনিয়াক বর্তমানে পর্নোগ্রাফি বৈধ করার জন্য পার্লামেন্টে একটি বিল পাসের চেষ্টা করছেন। গত জুলাই মাসে বিলটির প্রথম ধাপ অনুমোদিত হয়েছে। তার মতে, এই শিল্প বৈধ করা হলে বছরে অন্তত আড়াই কোটি (২৫ মিলিয়ন) ডলার অতিরিক্ত কর আদায় সম্ভব হবে। যুদ্ধের এই সময়ে এই অর্থ দিয়ে অন্তত ৩০ হাজার ড্রোন কেনা যাবে। জেলেজনিয়াক মনে করেন, এই উদ্যোগ একদিকে যেমন পুলিশি দুর্নীতি কমাবে, অন্যদিকে রাষ্ট্রের কোষাগারে জরুরি অর্থের জোগান দেবে।

অনলিফ্যানস ও মডেলদের আরজি

ইউক্রেনের কর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অনলিফ্যানস’ থেকে প্রায় ৭ হাজার ৯০০ ইউক্রেনীয় নাগরিক ১৩ কোটি ১০ লাখ ডলারের বেশি আয় করেছেন।

তেমনই একজন মডেল সিতলানা দভোরনিকোভা। তিনি স্বেচ্ছায় সরকারকে প্রায় ৯ লাখ ডলার কর দিয়েছিলেন। কিন্তু আইনত এটি নিষিদ্ধ হওয়ায় পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে নগদ ২ লাখ ডলার জব্দ করে। সিতলানা বলেন, “আমি যে পরিমাণ ট্যাক্স দিয়েছি, তা দিয়ে সেনাবাহিনীর জন্য ১০০টি পিকআপ ট্রাক বা ২ হাজার ড্রোন কেনা সম্ভব ছিল। সরকারের উচিত আমাকে অপরাধী না ভেবে একজন সচেতন করদাতা হিসেবে বিবেচনা করা।”

প্রেসিডেন্ট জেলেনস্কির ইতিবাচক সংকেত

সিতলানার করা একটি অনলাইন আবেদনে (পিটিশন) ২৫ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করার পর বিষয়টি নিয়ে ইউক্রেনের রাজনীতিতে আলোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পর্নোগ্রাফি বৈধ করার বিষয়টি পার্লামেন্টে বিবেচনা করা হবে। বর্তমানে এই সংক্রান্ত একটি বিলের খসড়া দ্বিতীয় পাঠের জন্য পার্লামেন্টে অপেক্ষমাণ রয়েছে।

ইউক্রেনের আইন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের মতে, যুদ্ধের এই সংকটময় সময়ে আইনি ব্যবস্থার মনোযোগ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণের চেয়ে দেশের সুরক্ষায় দেওয়া বেশি জরুরি। এটি একটি ‘ভিকটিমলেস ক্রাইম’ বা ভুক্তভোগীহীন অপরাধ উল্লেখ করে তারা বলছেন, খাতটি বৈধ হলে তা দেশের অর্থনীতি ও প্রতিরক্ষা বাজেটে বড় অবদান রাখতে পারবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা