প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৪ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২ এএম
যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি স্থানীয় সময় রবিবার দুপুর ২টার কিছু আগে (বাংলাদেশ সময় রাত ১টার দিকে) বিধ্বস্ত হয়। পুয়ের্তো রিকোর সান হুয়ান এলাকার লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি মায়ামির উদ্দেশে রওনা হয়েছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে ছাড়িয়ে গিয়ে মাটিতে থাকা কয়েকটি যানবাহনেও আঘাত করে।
দুর্ঘটনার সময় মায়ামিতে হালকা বজ্রঝড় ও দমকা বাতাস ছিল বলেও জানিয়েছে ফ্লাইটরাডার২৪।
অ্যামাজন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) মায়ামি বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় দমকল বাহিনীর সদস্যরা ধোঁয়ায় আচ্ছন্ন দুর্ঘটনাস্থলে ছুটে যান।
মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।’
তিনি জানান, দুর্ঘটনার সাথেসাথেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মায়ামির ফায়ার চিফ রেইড জাদাল্লাহ। আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।
জাদাল্লাহ বলেন, দুর্ঘটনার পর কয়েকজন গাড়ির ভেতরে বা গাড়ির নিচে আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের সেখান থেকে বের করে আনেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনাটি তদন্ত করবে। দেশটিতে বিমান দুর্ঘটনার তদন্তকারী এই সংস্থাটি সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর ক্যারোলিনাভিত্তিক চার্টার কোম্পানি ২১ এয়ার বিমানটি পরিচালনা করছিল। অবতরণের সময় বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের তির্যক রানওয়ে ছাড়িয়ে বিমানবন্দরের উত্তর-পশ্চিম প্রান্তে গিয়ে থেমে যায়।
মায়ামি-ডেড ফায়ার রেসকিউ জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। দুই শতাধিক দমকলকর্মী উদ্ধার অভিযানে অংশ নেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘটনাস্থলে এখনো জ্বালানি তেল ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন ফায়ার চিফ জাদাল্লাহ।