× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:২১ পিএম

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ছবি: বিবিসি

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ছবি: বিবিসি

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে উদ্গিরণের ছাইয়ে আকাশ ঢেকে যাওয়ায় দেশটির আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে। এ ঘটনায় রাজধানী জাকার্তার প্রধান বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে অন্তত ৭১২টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। ফলে দেড় লাখের বেশি বিমানযাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। উদ্গিরণের কারণে কিছু স্কুলের পাশাপাশি মাছ ধরাও বন্ধ রাখা হয়েছে। খবর বিবিসি/রয়টার্সের। 

খবরে বলা হয়েছে, আগ্নেয় ছাইয়ের কারণে জাকার্তার সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্থগিত হয়ে যায়। এতে বিমানবন্দরটিতে শত শত যাত্রী আটকা পড়েন। বন্দরটির পরিচালনাকারী প্রতিষ্ঠান আংকাসা পুরা এক বিবৃতিতে জানিয়েছে, কার্যক্রম বন্ধ রাখার কারণে ৫৮টি আন্তর্জাতিকসহ ৩০১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা রবিবার বাকি সময়ের জন্য জাকার্তা থেকে আসা-যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে।

খবরে বলা হয়েছে, জাভা ও সুমাত্রার প্রায় মাঝামাঝিতে অবস্থিত আনাক ক্রাকাতাউয়ে শুক্রবার রাত থেকে উদ্গিরণ হচ্ছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ভোরে সুকার্নো-হাত্তা বিমানবন্দরে আগ্নেয় ছাই শনাক্ত হয়।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগান্ধি জানান, সুকার্নো-হাত্তা ছাড়াও আরও ছয়টি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে বান্দুংয়ের হুসেইন সাস্ত্রানেগারা বিমানবন্দর এবং সুমাত্রার বান্দার লাম্পুংয়ের কাছে রাদিন ইনতেন-২ বিমানবন্দর রয়েছে। সেমারাং ও সুরাবায়াসহ কয়েকটি শহরের বিমানবন্দরকে বিকল্প অবতরণস্থল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। তবে দেশটির পরিবহনমন্ত্রী ৬টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিতের কথা জানালেও বিবিসি তাদের প্রতিবেদনে ৮টি বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্থগিতের কথা জানিয়েছে।  

দেশটির আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, আগ্নেয়গিরিটির জাভা পাশে ছাই ২০ হাজার ফুট উচ্চতায় পৌঁছে গেছে। সুমাত্রার পাশে এবং জাভার বানতেন প্রদেশের কিছু অংশে ছাই পৌঁছেছে ৫০ হাজার ফুট উচ্চতায়। আংকাসা পুরা তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের খাবার ও হালকা নাশতা সরবরাহ করছে আর এয়ারলাইন্সগুলোর সঙ্গে সহযোগিতা করে হোটেলে যাওয়ার বাসের ব্যবস্থা করেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবি জানিয়েছে, বৃষ্টিপাত ঘটানোর লক্ষ্যে তারা আবহাওয়া পরিবর্তন অভিযান পরিচালনা করবে, যার মধ্যে কৃত্রিমভাবে বৃষ্টিপাতের প্রক্রিয়াও অন্তর্ভুক্ত রয়েছে। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা প্রণালীতে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। ওই প্রণালী দিয়ে চলাচলরত জাহাজগুলোকে আনাক ক্রাকাতাউ দ্বীপ থেকে অন্তত তিন কিলোমিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, আর আগ্নেয় ছাই ও অন্যান্য ছিটকে আসা পদার্থের বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম কোম্পাস জানিয়েছে, ছাইয়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চোখে জ্বালা অনুভব করার পর শনিবার বেশ কয়েকটি স্কুল তাদের কার্যক্রম বন্ধ রাখে আর মৎস্যজীবীরা তাদের মাছ ধরার যাত্রা বাতিল করেন। 

আনাক ক্রাকাতাউ দ্বীপ থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে পুর্ব জাভার মাউন্ট সেমেরুতেও রবিবার থেকে উদ্গিরণ শুরু হয়েছে। এই আগ্নেয়গিরিটি থেকে উদ্গিরিত ছাই পর্বতটির চূড়া থেকে এক কিলোমিটার ওপরে উঠে গেছে। এর আশপাশের বাসিন্দাদের জ্বালামুখ থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, উত্তপ্ত ছাই ও লাভার প্রবাহ চূড়া থেকে ১৭ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এর পাশাপাশি দেশটির আরও তিনটি আগ্নেয়গিরি থেকে অল্প-বিস্তর ছাই উদ্গিরিত হচ্ছে।

ইন্দোনেশিয়া কয়েকটি ভূতাত্ত্বিক প্লেটের মিলনস্থল প্যাসিফিক ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুপাতের মতো ঘটনা ঘটে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় একটি এলাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা