প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৩ পিএম
গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘস্থায়ী সামরিক নিয়ন্ত্রণ ও দখলদারিত্বের আকাঙ্ক্ষাকে একটি ‘ক্ষুধার্ত কুমিরের’ সঙ্গে তুলনা করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন। ছবি: ডন
গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘস্থায়ী সামরিক নিয়ন্ত্রণ ও দখলদারিত্বের আকাঙ্ক্ষাকে একটি ‘ক্ষুধার্ত কুমিরের’ সঙ্গে তুলনা করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন।
প্রখ্যাত কার্টুনিস্ট জহুরের আঁকা একটি সম্পাদকীয় কার্টুনের মাধ্যমে ইসরায়েলের এই আগ্রাসী নীতির কড়া সমালোচনা করা হয়েছে। ডনের সম্পাদকীয় পাতায় শুক্রবার কার্টুনটি প্রকাশিত হয়।
কার্টুনটিতে ইসরায়েলকে একটি দানবীয় ও ক্ষুধার্ত কুমির হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যার পিঠে জ্বলজ্বল করছে ইসরায়েলের জাতীয় প্রতীক ‘ডেভিড তারকা’। কুমিরটি তার বিশাল চোয়াল দিয়ে গাজাকে পুরোপুরি গিলে ফেলার উপক্রম করেছে এবং গাজার প্রতীকী চরিত্রটি এর ধারালো দাঁতের মাঝে অবরুদ্ধ হয়ে আছে।
এই কার্টুনটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের অনড় অবস্থানেরই একটি প্রতীকী প্রতিফলন। সম্প্রতি যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, গাজা থেকে সেনা প্রত্যাহার বা পিছু হটার কোনো পরিকল্পনা তাদের নেই।
ইসরায়েলি নেতৃত্বের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তারা গাজায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখতে চান। বর্তমানে গাজার ৬০ শতাংশের বেশি এলাকা ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে, যা এই দখলদারিত্বকে স্থায়ী করার প্রচেষ্টাকে আরও স্পষ্ট করে তুলছে।