দ্য হিমালয়ান টাইমস
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম
বন্যায় বিস্তীর্ণ এলাকা কাদাপানিতে তলিয়ে থাকায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। ছবি: রয়টার্স
নেপালের ভোতেকোশি নদীর আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ২৯০ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৭৯৮ জন।
নেপাল পুলিশের সদর দপ্তরের মুখপাত্র ও ডিআইজি আবি নারায়ণ কাফলে বৃহস্পতিবার জানান, এখন পর্যন্ত মোট ১ হাজার ২৯০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩২টি শিশু, ২৫০ জন নারী এবং ৪২৭ জন পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ৫৩২টি পাওয়া গেছে আংশিক বা বিকৃত অবস্থায়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুজন।
পুলিশের রেকর্ড অনুযায়ী, নিখোঁজ ৪ হাজার ৭৯৮ জনের মধ্যে ২ হাজার ৩৬৯ জন পুরুষ এবং ৪৭৮ জন নারী। তবে উদ্ধার তৎপরতাও জোরালোভাবে চলছে। এ পর্যন্ত ৮ হাজার ১৯৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। তাদের মধ্যে ৪ হাজার ৬১৮ জন পুরুষ, ২ হাজার ৪৭২ জন নারী এবং ১ হাজার ৫৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। বাকি ৫২ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত ১ হাজার ১৪৩ জন মৃত ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তাদের ৭১১ জন আত্মীয়ের নমুনাও নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৯২৬টি মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া বা দাফন সম্পন্ন হয়েছে।
রাসওয়াসহ নেপালের বন্যাদুর্গত এলাকাগুলোতে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। আকাশপথে ও স্থলপথে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে।