× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে সুড়ঙ্গে ৯ দিন: যেভাবে মৃত্যুর মুখ থেকে ফিরলেন দুই বিদ্যুৎ কর্মী

কাঠমান্ডু পোস্ট

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৪ পিএম

সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হওয়া সঞ্জয় সাহ ও কবির মহারজান। ছবি: কাঠমান্ডু পোস্ট

সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হওয়া সঞ্জয় সাহ ও কবির মহারজান। ছবি: কাঠমান্ডু পোস্ট

নেপালের ত্রিশুলি-৩ এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে দীর্ঘ ৯ দিন আটকে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছেন দুই কর্মী। গত ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় প্রকল্পের ভূগর্ভস্থ অংশটি তলিয়ে গেলে তারা সেখানে আটকা পড়েন। 

নেপালি সেনাবাহিনীর উদ্ধারকারী দল শুক্রবার তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া দুই কর্মী হলেন মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ ও মেকানিক্যাল সুপারভাইজার কবির মহারজান। তারা দুজন ভিন্ন কারণে ওই দিন সুড়ঙ্গের ভেতরে অবস্থান করছিলেন।

সবাইকে বাঁচাতে গিয়ে আটকা পড়েন সঞ্জয়

সপ্তরী জেলার বাসিন্দা সঞ্জয় সাহ ওই দিন কন্ট্রোল রুমে দায়িত্বরত ছিলেন। সুড়ঙ্গে পানি ঢুকতে শুরু করলে সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। সঞ্জয় জানান, সাধারণত সেখানে ৫-৬ জন থাকলেও ঘটনার সময় প্রায় ৪০ থেকে ৪৫ জন মানুষ ছিলেন। তিনি বলেন, “আমার দায়িত্ব ছিল সবার প্রাণ বাঁচানো। আমি সহকর্মীদের দ্রুত সুড়ঙ্গ থেকে বের হতে সাহায্য করি। সবাইকে বের করে দিতে গিয়ে আমি নিজে বের হওয়ার সময় হারিয়ে ফেলি। শেষ পর্যন্ত আমি আর বের হতে পারিনি।”

সুড়ঙ্গের ভেতর অন্ধকারের মধ্যে ৯টি দিন সঞ্জয় প্রার্থনা করে কাটিয়েছেন বলে সামরিক চিকিৎসকদের জানিয়েছেন। গত ২৬ আগস্ট সকালে শেষবার তার বোনের সঙ্গে কথা হয়েছিল। এরপর দীর্ঘ ৯ দিন তার ফোন বন্ধ থাকায় পরিবারটি অত্যন্ত দুশ্চিন্তায় ছিল।

রক্ষণাবেক্ষণ কাজে গিয়ে আটকা কবির

কবির মহারজান স্থায়ীভাবে এই প্রকল্পে কর্মরত ছিলেন না। কাঠমান্ডুর কীর্তিপুরের বাসিন্দা কবির কুলেখানি জলবিদ্যুৎ প্রকল্প থেকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য সেখানে গিয়েছিলেন। গত ২৬ আগস্ট সকালে সুড়ঙ্গে ঢোকার আগে স্ত্রীর সঙ্গে তার শেষ কথা হয়। কবির জানিয়েছিলেন, ভূগর্ভস্থ সুড়ঙ্গে ফোন নেটওয়ার্ক থাকবে না। এরপরই বন্যার তোড়ে সুড়ঙ্গটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। কবিরের স্ত্রী হীরা শোভা বলেন, তার স্বামী যেন ‘দ্বিতীয় জীবন’ ফিরে পেয়েছেন।

উদ্ধার অভিযান ও শারীরিক অবস্থা

ভোতেকোশি নদীর পানি ও কাদার তোড়ে ত্রিশুলি ৩-এ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গে যাওয়ার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। নেপালি সেনাবাহিনীর নেতৃত্বে নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় একটি জটিল উদ্ধার অভিযান চালানো হয়।

উদ্ধারের পর দুজনকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। কবির মহারজান পায়ে আঘাত পেয়েছেন এবং তার অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাকে বীরেন্দ্র সামরিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সঞ্জয় সাহের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতালে কবিরের স্ত্রী হীরা শোভা বলেন, “তিনি আমাকে চিনতে পেরেছেন এবং কথা বলেছেন। তৃষ্ণার্ত থাকায় পানি খেতে চেয়েছেন। তাকে জীবিত দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারছি না।”

উদ্ধারকারীরা জানিয়েছেন, সুড়ঙ্গের আরও গভীরে অন্য কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে তল্লাশি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা