× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে ভয়বহ বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে জীবিত উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৪ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৮ পিএম

সুড়ঙ্গ থেকে উদ্ধার করা সঞ্জয় শাহকে কাঁধে করে বাইরে নিয়ে আসেন উদ্ধারকারীরা। ছবি: সিবিসি

সুড়ঙ্গ থেকে উদ্ধার করা সঞ্জয় শাহকে কাঁধে করে বাইরে নিয়ে আসেন উদ্ধারকারীরা। ছবি: সিবিসি

নেপালে ভয়াবহ বন্যার পর গভীর কাদা ও ধ্বংসস্তূপে আটকে পড়া জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

একই টানেল থেকে একটি মরদেহও উদ্ধার করা হয়েছে। পরে আর কোনো জীবিত ব্যক্তির সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম বাসনেট শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ত্রিশুলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে অভিযান চালিয়ে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া দুজন হলেন প্রকল্পের ফোরম্যান সঞ্জয় শাহ এবং সুপারভাইজার কবির মহার্জন। টানেলের ভেতরে প্রায় ১৭০ মিটার গভীরে তাদের পাওয়া যায়।

প্রথমে সঞ্জয় শাহকে উদ্ধার করা হয়। কাদায় পুরো শরীর মাখা অবস্থায়ও তিনি সচেতন ছিলেন। উদ্ধারকারীদের কাঁধে করে তাকে টানেলের বাইরে নিয়ে আসা হয় এবং পরে ত্রিশুলিতে সেনাবাহিনীর ব্যারাকে নেওয়া হয়।

টানেল থেকে বের হওয়ার পর শাহের প্রথম প্রশ্ন ছিল, “আজ কী বার?”

শাহ জানান, বন্যার সময় তিনি টানেলের কন্ট্রোল রুমে ছিলেন। সেখানে প্রায় ৪০ থেকে ৪৫ জন কর্মী ছিলেন। দুর্ঘটনা বুঝতে পেরে তিনি অন্যদের নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, “কন্ট্রোল রুমে থাকায় সবাইকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। এমন দুর্ঘটনার পর আমি একা পালিয়ে যেতে পারতাম না। সবাইকে বাঁচানোর চেষ্টা করতে হয়েছিল”।


শাহ জানান, অন্য শ্রমিকদের বেরিয়ে যাওয়ার জন্য সতর্ক করতে গিয়ে তিনি নিজেই টানেলের বাইরে বের হওয়ার সুযোগ হারান। দীর্ঘ নয় দিন অন্ধকারে আটকে থাকার সময় নিজেকে শান্ত রাখতে তিনি মন্ত্র জপ করতেন।

তার ভাষ্য অনুযায়ী, টানেলে আটকে থাকার সময় তিনি আরও তিন-চারজনের কণ্ঠ শুনেছিলেন। কাছাকাছি থাকা অন্যদের সঙ্গে চিৎকার করে যোগাযোগও করেছিলেন। টানেলের পাওয়ারহাউসের ভেতরেও কেউ কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে উদ্ধার হওয়া কবির মহার্জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মকর্তা ডেপুটি সুপারিনটেনডেন্ট অমৃত থাপা জানান, সাত সদস্যের একটি উদ্ধারকারী দল টানেলের ভেতর হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়। নেপাল সেনাবাহিনীর একটি দলও তাদের সঙ্গে ছিল।

তিনি বলেন, “উদ্ধারকারীরা প্রায় ১০ থেকে ১৫ মিটার করে এগিয়ে টানেলের মূল অংশে পৌঁছান। শেষ প্রান্তের উঁচু অংশে একটি মরদেহ পাওয়া যায়”।

থাপা বলেন, “টানেলের দুটি অংশ ছাড়া প্রায় পুরো জায়গাই ধ্বংসস্তূপে ভরা ছিল। সব জায়গা তল্লাশি করেও আর কোনো মানুষের কণ্ঠ শোনা যায়নি। পাওয়ারহাউস এলাকাতেও ব্যাপক তল্লাশি চালানো হয়েছে, তবে নতুন করে কাউকে পাওয়া যায়নি”।

গত সপ্তাহে নেপাল-চীন সীমান্তের তিব্বত এলাকায় একটি হিমবাহ ধসে যাওয়ার পর প্রচণ্ড পানির স্রোত, কাদা ও পাথর নেমে আসে। এতে ভোতেকোশি ও ত্রিশুলি নদীর তীরবর্তী বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২৮৭ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা