প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১১ পিএম
সৌদি আরবের নির্দেশে এডেন থেকে তাইজে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ইয়েমেন সরকার। ফাইল ছবি/এনডিটিভি/এএফপি
ইয়েমেনে লোহিত সাগরের কৌশলগত প্রবেশপথ ‘বাব আল-মানদাব’ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লড়াইয়ে অন্তত ৮১ জন নিহত হয়েছেন বলে সামরিক ও চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে।
সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার এই তথ্য জানিয়েছে।
সামরিক সূত্রগুলো জানায়, হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকায় একযোগে স্থল অভিযান, রকেট ও ড্রোন হামলা শুরু করেছে। তাদের মূল লক্ষ্য হলো বাব আল-মানদাব প্রণালির নিকটবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়া। বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত এই নৌপথটি লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে।
সাম্প্রতিক সময়ে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেওয়ায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য লোহিত সাগর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প রুট হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই পথে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে হুথিরা।
বিদ্রোহীরা ইতিমধ্যে লোহিত সাগরের উপকূলীয় শহর খোখা এবং তাইজ শহরের নিকটবর্তী বেশ কিছু উঁচু পাহাড়ের দখল নিয়েছে। এসব অবস্থান থেকে লোহিত সাগরে চলাচলকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা তাদের জন্য সহজ হবে। তাদের এই অভিযানের অন্যতম উদ্দেশ্য হলো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বন্দরনগরী মোখাকে অবরুদ্ধ করে ফেলা।
লড়াইয়ে হতাহতের বিষয়ে একজন সামরিক কর্মকর্তা জানান, উপকূলীয় এলাকায় সরকারি বাহিনীর ২৪ জন সদস্য এবং তাইজ এলাকায় আরও ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, লড়াইয়ে অন্তত ৪২ জন হুথি যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
ইয়েমেন সরকারের অস্থায়ী কেন্দ্র এডেন থেকে জানানো হয়েছে, সৌদি আরবের নির্দেশে তারা ইতিমধ্যে তাইজ এলাকায় অতিরিক্ত সেনা পাঠিয়েছে। বর্তমানে হুথিদের দখলে গুরুত্বপূর্ণ হোদেইদাহ বন্দর থাকলেও তারা বাব আল-মানদাব প্রণালির উপকূলীয় এলাকাগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছে।ৎ
২০১৪ সাল থেকে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ গত জুলাই মাসে আরও ভয়াবহ রূপ নেয়। তখন সানা বিমানবন্দরে ইরানের একটি বিমানকে হুথিরা স্বাগত জানালে দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ে। এর পর থেকেই লোহিত সাগরে সৌদি জাহাজের ওপর সামুদ্রিক অবরোধ ও হামলা শুরু করে বিদ্রোহীরা। এক দশকের বেশি সময় ধরে চলা এই অভ্যন্তরীণ সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধের অংশ হয়ে দাঁড়িয়েছে।