× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দিচ্ছে ‘সুপার এল নিনো’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৩ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৩ পিএম

ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দাবানলের কারণে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দাবানলের কারণে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকায় দাবানল কয়েক সপ্তাহ ধরে জ্বলতে থাকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। যা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনেও পৌঁছেছে। এ পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে তথাকথিত ‘সুপার এল নিনো’।

এই ধোঁয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল অঞ্চলের লাখ লাখ মানুষ দূষিত বাতাসের মধ্যে পড়েছেন। কোনো কোনো এলাকায় বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নিরাপদ মাত্রার চেয়ে ১৫ গুণেরও বেশি বেড়ে গেছে, যা ‘তীব্রভাবে অস্বাস্থ্যকর’ পরিস্থিতি তৈরি করেছে।

জুলাইয়ের মাঝামাঝি থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপের বিভিন্ন এলাকায় অসংখ্য আগুন জ্বলছে।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই ও আগস্টে ভূমি ও বনভূমিতে আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ১২ হাজারেরও বেশি শিশু, যাদের বয়স পাঁচ বছরের নিচে।

দক্ষিণ কালিমান্তানের বানজারবারুর একটি স্কুলের ১৯ বছর বয়সী সহকারী শিক্ষক রিজমা নুর ফাতিমাহ বলেন, শ্রেণিকক্ষে ধোঁয়া এত ঘন হয়ে গিয়েছিল যে ‘নিজের পা পর্যন্ত দেখা যাচ্ছিল না’।

তিনি বলেন, ‘ঘরের সবকিছু বন্ধ রাখার পরও ধোঁয়া ভেতরে ঢুকে পড়ত। আমি জন্মের পর থেকেই এ পরিস্থিতির মধ্যে বসবাস করছি। প্রতি বছরই এমন হয়, তাই আমরা প্রায় এতে অভ্যস্ত হয়ে গেছি। তবে এ বছর পরিস্থিতি আরও ভয়াবহ।’

কাছের পেঙ্গায়ুয়ান গ্রামের ২৩ বছর বয়সী মা মিসবাহ জানান, ধোঁয়ার কারণে তার তিন বছর বয়সী মেয়ের কাশি, গলা ব্যথা ও নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা দিয়েছে।

ইন্দোনেশিয়া থেকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে ফিলিপাইনের পালাওয়ান দ্বীপ প্রদেশের বাসিন্দারাও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। তাদের মধ্যে চোখ, নাক ও গলায় চুলকানির উপসর্গ দেখা দিয়েছে।

এদিকে মালয়েশিয়াজুড়েও বায়ুর মানের অবনতি ঘটায় হাঁপানি ও চোখের প্রদাহের (কনজাংটিভাইটিস) রোগীর সংখ্যা বাড়ছে। ইন্দোনেশিয়া থেকে ধোঁয়া সীমান্ত পেরিয়ে দেশটিতে ঢুকে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, খরা ও এল নিনোর মতো প্রাকৃতিক পরিস্থিতি আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করলেও ধোঁয়ার ভয়াবহতার পেছনে মানুষের কর্মকাণ্ডেরও বড় ভূমিকা রয়েছে।

ইন্দোনেশিয়ার বোর্নিও অঞ্চলের দাবানল নিয়ে উদ্বেগের অন্যতম কারণ হলো, আগুন বিশ্বের অন্যতম বৃহৎ ক্রান্তীয় পিটভূমি বাস্তুতন্ত্রের মধ্যে ছড়িয়ে পড়ছে।

স্বাভাবিক পরিস্থিতিতে এসব পিটভূমি বিপুল পরিমাণ কার্বন ধরে রাখে। কিন্তু বর্তমানে বিরাজমান অস্বাভাবিক আবহাওয়ার মতো পরিস্থিতিতে এগুলো ‘কার্বন বোমা’য় পরিণত হতে পারে।

ইন্দোনেশিয়ার সংরক্ষণবাদী সংস্থা ইয়ায়াসান কনজারভাসি আলাম নুসান্তারার পিটভূমি গবেষক ড. নিসা নভিতা বলেন, ‘পিটভূমি অত্যন্ত কার্যকর কার্বন ভাণ্ডার। কারণ পানিতে সিক্ত পরিবেশে জৈব পদার্থের পচন ধীর হয়। ফলে হাজার হাজার বছর ধরে মাটির নিচে কার্বন জমা হতে থাকে।’

তিনি বলেন, ‘কিন্তু পিটভূমি যখন শুকিয়ে যায় বা পুড়ে যায়, তখন এগুলো “কার্বন বোমা”য় পরিণত হতে পারে। কারণ জমে থাকা কার্বন খুব দ্রুত বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়তে পারে।’

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসে ‘সুপার এল নিনো’ আরও তীব্র হলে দাবানলের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা