প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০০ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৭ পিএম
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ভারতের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে। ২০২৫ সালে দুবাইয়ের সঙ্গে ভারতের অ-তেল বাণিজ্য রেকর্ড ২২২ দশমিক ৫ বিলিয়ন দিরহামে (৬০ দশমিক ৬ বিলিয়ন ডলার) পৌঁছেছে। এক বছরে এ বাণিজ্য বেড়েছে ১৫ শতাংশ।
দুবাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলি রাশেদ লুতাহ নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘দ্য ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬’-এর এক প্যানেল আলোচনায় এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।
লুতাহ জানান, গত এক দশকে দুবাই ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৩৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। ২০১৬ সালে যেখানে এ বাণিজ্যের পরিমাণ ছিল ৯৪ দশমিক ২ বিলিয়ন দিরহাম (২৫ দশমিক ৬ বিলিয়ন ডলার), ২০২৫ সালে তা বেড়ে ২২২ দশমিক ৫ বিলিয়ন দিরহামে দাঁড়িয়েছে। এর ফলে ভারত বর্তমানে দুবাইয়ের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
দুবাইয়ে ভারতীয় প্রতিষ্ঠানের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে
দুবাইকে ব্যবসার ঘাঁটি হিসেবে ব্যবহারকারী ভারতীয় প্রতিষ্ঠানের সংখ্যাও দ্রুত বাড়ছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাই চেম্বার অব কমার্সে নতুন করে ৭ হাজার ৫৭৯টি ভারতীয় কোম্পানি যোগ দিয়েছে। ফলে জুনের শেষ নাগাদ চেম্বারের সক্রিয় ভারতীয় সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৪১টিতে। এক বছরের ব্যবধানে এ সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ।
লুতাহ বলেন, দুবাইয়ে ব্যবসার সুযোগের প্রতি ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের আস্থা ক্রমেই বাড়ছে। ভারতীয় কোম্পানিগুলো দুবাইকে আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে বিবেচনা করছে।
দুবাইয়ের উন্নত অবকাঠামো, আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা, প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ এবং মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের বাজারে সহজ প্রবেশাধিকার ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করছে।
ভারতে ভারতীয় বিনিয়োগ ৮.৮ বিলিয়ন ডলার
২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত দুবাইয়ে ভারতীয় বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩২ দশমিক ৩ বিলিয়ন দিরহাম বা ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার। শুধু ২০২৫ সালেই ভারতীয়দের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ছিল ৮ দশমিক ৪ বিলিয়ন দিরহাম বা প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার।
অন্যদিকে, দুবাইভিত্তিক কোম্পানিগুলোও ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে ১৪৭টি প্রকল্পে তাদের বিনিয়োগের পরিমাণ ছিল ৩৪ দশমিক ১ বিলিয়ন দিরহাম বা ৯ দশমিক ৩ বিলিয়ন ডলার। এসব প্রকল্পের মাধ্যমে ৫৫ হাজার ২৭৪টি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
দুবাইয়ে কার্যক্রম পরিচালনাকারী ভারতীয় কোম্পানিগুলো বিভিন্ন খাতে বিস্তৃত। এসব প্রতিষ্ঠানের ৪৫ শতাংশ বাণিজ্য ও সেবা খাতে, ২৭ দশমিক ৩ শতাংশ আবাসন, লিজিং ও ব্যবসায়িক সেবায় এবং ১৯ শতাংশ নির্মাণ খাতে যুক্ত।
বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা সিইপিএ
দুবাই-ভারত অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে সংযুক্ত আরব আমিরাত-ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা সিইপিএ-এর গুরুত্বও তুলে ধরেছেন লুতাহ। ২০২২ সালের মে মাসে কার্যকর হওয়া এ চুক্তি বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমানো, বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং দুই দেশের ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরিতে সহায়তা করেছে।
চুক্তি কার্যকর হওয়ার পর ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে দুবাইয়ের সঙ্গে ভারতের অ-তেল বাণিজ্য ৩৫ শতাংশ বেড়েছে। ২০২২ সালে ১৬৪ দশমিক ৯ বিলিয়ন দিরহাম (৪৪ দশমিক ৯ বিলিয়ন ডলার) থেকে তা ২০২৫ সালে ২২২ দশমিক ৫ বিলিয়ন দিরহামে পৌঁছেছে।
এজেন্টিক এআইয়ে নতুন সহযোগিতার সম্ভাবনা
আগামী দিনে প্রযুক্তি খাত দুবাই-ভারত অর্থনৈতিক সম্পর্কের নতুন চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন লুতাহ। তিনি এজেন্টিক এআই, ডিপ টেক, ফিনটেক এবং ডিজিটাল সেবাকে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।
দুবাই সম্প্রতি বেসরকারি খাতে এজেন্টিক এআই ব্যবহারের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দুবাই চেম্বার এজেন্টিক এআই নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ও ইনকিউবেটর গড়ে তোলার কাজ শুরু করেছে। পাশাপাশি এ খাতে সমাধান তৈরি করা প্রতিষ্ঠানগুলোর বিকাশ, জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করা হচ্ছে।
লুতাহ বলেন, এ উদ্যোগ ভারতীয় প্রযুক্তি কোম্পানি ও উদ্ভাবকদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। তারা দুবাইয়ে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে নতুন সমাধান তৈরি, স্থানীয় ব্যবসার সঙ্গে অংশীদারত্ব এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সুযোগ পেতে পারে।
তিনি আরও বলেন, উদীয়মান প্রযুক্তি আগামী দিনে দুবাই ও ভারতের বাণিজ্যিক সহযোগিতার ধরন বদলে দিতে পারে। এর ফলে নতুন খাত, বিনিয়োগের সুযোগ এবং ব্যবসায়িক মডেল তৈরি হবে।
প্যানেল আলোচনায় দুবাইয়ের অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশের কথাও তুলে ধরেন লুতাহ। তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের দুবাইকে আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবসা সম্প্রসারণের কৌশলগত ঘাঁটি হিসেবে বিবেচনার আহ্বান জানান।