কাঠমান্ডু পোস্ট
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৬ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৭ পিএম
নেপালে ভয়াবহ বন্যা। ছবি: কাঠমান্ডু পোস্ট
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সংকলিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। ভয়াবহ এই দুর্যোগে এখনো অন্তত ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চিতবন জেলায়; সেখানে এখন পর্যন্ত ৩৫৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নওয়ালপরাসি পূর্বে ২১৮ জন, নওয়ালপরাসি পশ্চিমে ২০৮ জন এবং নুয়াকোটে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। যে রসুয়া জেলা থেকে এই দুর্যোগের সূত্রপাত হয়েছিল, সেখানে ১২৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
মরদেহ উদ্ধার করা হয়েছে গোর্খা, ধাদিং ও তনহুন জেলা থেকেও। তবে উদ্ধারকৃত ১ হাজার ২৫২টি মরদেহের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৯৫ জনকে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।
নিখোঁজ ৪ হাজার ২১৬ জনের মধ্যে বিদেশি নাগরিক, জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তারা রয়েছেন। এর মধ্যে কেবল জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতেই কর্মরত প্রায় ৯০০ কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মাঠ পর্যায় থেকে নতুন তথ্য আসায় নিখোঁজ ব্যক্তিদের এই সংখ্যা আরও পরিবর্তন হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
সারাদেশে তল্লাশি, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য ২১ হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ১১ হাজার ৯১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নেপালি সেনাবাহিনী ৭১৫টি হেলিকপ্টার ফ্লাইটের মাধ্যমে ৪ হাজার ৩৬৪ জনকে দুর্গম এলাকা থেকে সরিয়ে নিয়েছে, যাদের মধ্যে ২৭৩ জন বিদেশি পর্যটক রয়েছেন। এছাড়া বেসরকারি হেলিকপ্টারগুলো ১২৯টি জরুরি ফ্লাইট পরিচালনা করেছে।
সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর পক্ষ থেকে ৫ হাজারের বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নুয়াকোট, ধাদিং, রসুয়া ও কাঠমান্ডুর অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন প্রায় ৩ হাজার ৯৫০ জন বাস্তুচ্যুত মানুষ।
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া জনপদগুলোতে সড়ক ও আকাশপথে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। পাশাপাশি টেলিযোগাযোগ সেবা পুনরুদ্ধারের কাজও চলছে। নেপাল টেলিকম জানিয়েছে, তাদের ক্ষতিগ্রস্ত ১১০টি টাওয়ারই পুনরায় সচল করা হয়েছে। এনসেলের ৭৮টি ক্ষতিগ্রস্ত সাইটের মধ্যে ৭৫টি এখন কার্যকর।