ক্যালিফোর্নিয়ার একটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর সদস্যরা কক্ষপথীয় কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। ছবি: রয়টার্স।
চলতি বছরের জুনে চীনের একটি গোপন চালকবিহীন মহাকাশযানকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকেরা। পৃথিবীর কয়েক শ মাইল ওপরে বাণিজ্যিক ও সামরিক স্যাটেলাইটে পূর্ণ একটি কক্ষপথে মহাকাশযানটি একটি ছোট স্যাটেলাইট ছাড়ে। পরে ওই স্যাটেলাইট আরেকটি চীনা স্যাটেলাইটকে প্রদক্ষিণ করে আবার মূল মহাকাশযানটির দিকে ফিরে আসে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ-ট্র্যাকিং প্রতিষ্ঠান লিওল্যাবসের তথ্য থেকে এ ঘটনা জানা গেছে।
ওই স্যাটেলাইট বা অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানা না গেলেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও শাটলের মতো দেখতে একই ধরনের গোপনীয় চালকবিহীন মহাকাশযান পরিচালনা করে।
মহাকাশে সম্ভাব্য সংঘাতের জন্য চীন ও যুক্তরাষ্ট্র যখন নিজেদের প্রস্তুত করছে, তখন দুই দেশের এসব কর্মসূচি সামরিক মহাকাশ অভিযানের দ্রুত পরিবর্তনশীল চিত্রই তুলে ধরছে।
রয়টার্সের নথি, মহাকাশ-ট্র্যাকিং তথ্য এবং বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে করা পর্যালোচনায় দেখা গেছে, সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট চীনা গবেষকেরা অন্য মহাকাশযানকে অনুসরণ ও ধরে ফেলতে সক্ষম স্যাটেলাইট তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছেন।
এর মধ্যে মহাকাশযানের জ্বালানি সরবরাহ বাড়ানোর প্রযুক্তিও রয়েছে। পেটেন্ট নথি, ক্রয়সংক্রান্ত বিজ্ঞপ্তি ও অ্যাকাডেমিক গবেষণাপত্রেও এসব সক্ষমতার ইঙ্গিত পাওয়া গেছে বলেও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি।
যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের চিফ অব স্পেস অপারেশনস জেনারেল চান্স সাল্টজম্যান জুলাইয়ে বলেন, “চীনারা দ্রুত সক্ষমতা বাড়াচ্ছে”। লক্ষ্যবস্তুতে হস্তক্ষেপ বা তা ধ্বংস করতে ভূমি ও মহাকাশভিত্তিক অস্ত্রও এর অন্তর্ভুক্ত।
তার ভাষায়, চীনের হুমকি ‘উল্লেখযোগ্য’।
আধুনিক যুদ্ধে স্যাটেলাইট এখন অপরিহার্য। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতেও এর গুরুত্ব স্পষ্ট হয়েছে। যোগাযোগ, নেভিগেশন ও গোয়েন্দা তথ্যের জন্য কয়েক দশক ধরে স্যাটেলাইটের ওপর নির্ভর করছে সামরিক বাহিনী।
তবে এখন এগুলোকে শুধু সহায়ক অবকাঠামো হিসেবে নয়, সক্রিয় অস্ত্র প্ল্যাটফর্ম হিসেবেও দেখা হচ্ছে।
জ্যামিং, লেজার বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে শত্রুর স্যাটেলাইটের কার্যক্রম ব্যাহত করা কিংবা মহাকাশযান ধরে ফেলার সক্ষমতা তৈরি করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সাবেক এয়ার ফোর্স এয়ার ওয়ার কলেজের অধ্যাপক এভারেট ডলম্যান বলেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ সক্ষমতা ব্যাহত হলে ‘পৃথিবীর মাটিতে থাকা আমাদের বিশাল সামরিক বাহিনীকে অচল করে দিতে পারে’। নজরদারি থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ে সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে।
তার মতে, তুলনামূলকভাবে চটপটে এবং স্যাটেলাইট মোতায়েন বা মালামাল বহনে সক্ষম মহাকাশযান ভবিষ্যতে ‘মহাকাশযুদ্ধের যোদ্ধা’ হয়ে উঠতে পারে।
মিত্ররাও যুক্তরাষ্ট্রের পাশে
পৃথিবীর কক্ষপথ ক্রমেই জনাকীর্ণ হওয়ায় মহাকাশকেন্দ্রিক প্রতিযোগিতাও তীব্র হচ্ছে।
সম্প্রতি পুঁজিবাজারে আত্মপ্রকাশ করা স্পেসএক্স প্রায় ১১ হাজার স্টারলিংক স্যাটেলাইট পরিচালনা করছে। মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম বড় ডেটা সেন্টারের নেটওয়ার্ক গড়ার পরিকল্পনাও রয়েছে তাদের। চীনও এর প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্ক তৈরি করছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে মহাকাশভিত্তিক প্রতিরোধক ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ অভিযানে কলোরাডোর একটি ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী একটি আমেরিকান সামরিক স্যাটেলাইটকে একটি ব্রিটিশ স্যাটেলাইটের খুব কাছে নিয়ে যায়।
ওই সময় চীনের শিয়ান-১২-০১ স্যাটেলাইটটি তাদের প্রায় ৮৩ কিলোমিটার নিচ দিয়ে অতিক্রম করে বলে জানিয়েছে স্লিংশট অ্যারোস্পেস। বিশেষজ্ঞদের মতে, ওই উচ্চতায় এ দূরত্ব তুলনামূলকভাবে কাছাকাছি।
সামরিক পটভূমির তিন মহাকাশ বিশেষজ্ঞ রয়টার্সকে বলেছেন, অভিযানটি বেইজিংয়ের প্রতি একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে।
মহাকাশবিষয়ক পরামর্শক ও অবসরপ্রাপ্ত ব্রিটিশ জ্যেষ্ঠ বিমানবাহিনী কর্মকর্তা অ্যান্ড্রু টার্নারের মতে, এর মাধ্যমে মিত্রদের ঐক্য ও সক্ষমতা দেখানোর পাশাপাশি ব্রিটিশ স্যাটেলাইটে হস্তক্ষেপ না করার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রকাশ্যে ওই অভিযান ঘোষণা করলেও চীনা মহাকাশযানের এত কাছ দিয়ে অভিযান পরিচালনার তথ্য প্রকাশ করেনি। গোয়েন্দাগত গুরুত্বের কারণে মহাকাশে সংঘটিত অনেক কর্মকাণ্ডই গোপন রাখা হয়।
মহাকাশে অস্ত্রের প্রতিযোগিতা
যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন হোয়াইটিং সতর্ক করেছেন, প্রতিপক্ষরা এমন সক্ষমতা তৈরি করছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত করা এবং সামরিক কার্যকারিতা কমিয়ে দেওয়া সম্ভব।
কোনো সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের মহাকাশ সম্পদকে প্রথম দিকেই লক্ষ্যবস্তু করার চেষ্টা হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
হোয়াইটিংয়ের মতে, এ ধরনের হুমকি মোকাবিলায় মহাকাশে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় যুদ্ধকৌশল গ্রহণ করতে হবে। এর অর্থ শুধু নিজেদের ব্যবস্থা সুরক্ষিত রাখা নয়, প্রয়োজনে প্রতিপক্ষের সম্পদকে হুমকি দেওয়া বা আঘাত করার প্রস্তুতিও রাখা।
পশ্চিমা কর্মকর্তারা ভূমিভিত্তিক লেজার, ইলেকট্রনিক জ্যামার, সাইবার হামলা এবং অ্যান্টি-স্যাটেলাইট ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন হুমকির কথা বলেছেন।
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া- তিন দেশই এমন চালনাযোগ্য স্যাটেলাইট পরিচালনা করে, যেগুলো অন্য মহাকাশযানের কাছে গিয়ে পর্যবেক্ষণ ও পরিদর্শন করতে পারে। এসব ব্যবস্থাকে বিভিন্ন অস্ত্র বহনের উপযোগী করে তোলাও সম্ভব।
চীনা স্যাটেলাইটগুলো এরই মধ্যে কক্ষপথে ‘ডগফাইটিং’ সক্ষমতা প্রদর্শন করেছে। একাধিক স্যাটেলাইট কাছাকাছি থেকে সমন্বিতভাবে চলাচল করেছে এবং একটি অকার্যকর স্যাটেলাইটকে ধরে অন্য কক্ষপথে সরিয়ে নেওয়ার সক্ষমতাও দেখিয়েছে।
গত বছর চীন সম্ভবত কক্ষপথে জ্বালানি সরবরাহের একটি প্রচেষ্টা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের এক কর্মকর্তা।
জ্বালানি পুনরায় সরবরাহের সক্ষমতা অর্জন করলে মহাকাশযানের কার্যক্ষমতা ও স্থায়িত্ব অনেক বাড়তে পারে। তখন কোনো মহাকাশযান ‘শিকারি’ থাকবে, নাকি নিজেই শিকারে পরিণত হবে- সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে।
চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। পেটেন্ট নথিতে অন্য মহাকাশযানকে অনুসরণ করার সময় জ্বালানি-সাশ্রয়ী গতিপথ নির্ধারণের প্রযুক্তির কথা রয়েছে। আবার একাধিক মহাকাশযান ব্যবহার করে জালের মাধ্যমে লক্ষ্যবস্তু ধরে ফেলার ধারণা নিয়েও গবেষণা চলছে।
চীনের রাষ্ট্রীয় সামরিক সংবাদপত্র পিএলএ ডেইলি ২০২২ সালের এক সম্পাদকীয়তে বলেছিল, জাতীয় নিরাপত্তা সুরক্ষা, কৌশলগত উদ্যোগ নিজেদের হাতে নেওয়া এবং যুদ্ধে বিজয় অর্জনের জন্য মহাকাশ নিয়ন্ত্রণ করা অপরিহার্য।
অন্যদিকে, কিছু বিশেষজ্ঞের মতে, মহাকাশযান দিয়ে মহাকাশযানকে আক্রমণ করার চেয়ে পৃথিবী থেকেই স্যাটেলাইটের কার্যক্রম ব্যাহত করা এখনও সহজ।
ফলে ভবিষ্যতের মহাকাশযুদ্ধ কেবল কক্ষপথে মুখোমুখি সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; জ্যামিং, সাইবার হামলা, লেজার ও অন্যান্য প্রযুক্তিও এতে বড় ভূমিকা রাখতে পারে।