× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র নিবন্ধনে রাশ টানল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৫ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের কাটছাঁট করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। গত ১৩ মাসে অস্ত্রের নিবন্ধন বা লাইসেন্স প্রদানের হার ৯০ শতাংশের বেশি কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, দেশটিতে সন্ত্রাসবাদে এক লাখের বেশি মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে পাঞ্জাব প্রদেশে পাস হয়েছে নতুন একটি জঙ্গিবিরোধী আইন। যদিও নতুন এই আইনকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলগুলো। খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানের সিনেট স্ট্যান্ডিং কমিটিকে সোমবার জানানো হয়, দেশটিতে আগে প্রতিবছর গড়ে এক লাখের বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া হলেও গত ১৩ মাসে কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে মাত্র ৫ হাজার ৭০০টি লাইসেন্স দেওয়া হয়েছে। অপরাধী বা দাগি আসামিরা যেন কোনোভাবেই বৈধ অস্ত্র না পায়, তা নিশ্চিতে পুলিশ ক্লিয়ারেন্স ও সংসদ সদস্যদের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে।

কমিটির বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানান, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ৬০ শতাংশের সঙ্গেই আফগান নাগরিকরা জড়িত। তিনি বলেন, ‘আফগানিস্তান আমাদের প্রতিবেশী হলেও তাদের উদ্দেশ্য খুব একটা ভালো নয়।’

এদিকে, একইদিনে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে বিরোধী সদস্যদের ওয়াকআউট ও হট্টগোলের মধ্যেই ‘পাঞ্জাব সন্ত্রাসবিরোধী (সংশোধনী) বিল, ২০২৬’ পাস হয়েছে। নতুন এই আইনে ‘বিশেষ নিরাপত্তা মামলা’ পরিচালনার বিধান রাখা হয়েছে, যেখানে বিচারক, কৌঁসুলি, আইনজীবী ও সাক্ষীদের পরিচয় গোপন বা পরিবর্তন করে রাখার সুযোগ থাকবে।

বিরোধী দল একে ‘কালো আইন’ হিসেবে বর্ণনা করে বলেছে, রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে পিটিআইয়ের নেতাকর্মীদের দমন করতেই এই আইন করা হয়েছে। এটি সংবিধানের ১০-এ অনুচ্ছেদের পরিপন্থী।

তবে বিলের পক্ষে সাফাই গেয়ে স্পিকার মালিক মুহাম্মদ আহমাদ খান বলেন, ‘সন্ত্রাসের বলি হয়ে পাকিস্তানে এক লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।’ অতীতে সাক্ষীদের নিরাপত্তা না থাকায় অনেক ভয়ংকর সন্ত্রাসী পার পেয়ে গেছে উল্লেখ করে তিনি জানান, আমেরিকার মতো গণতান্ত্রিক দেশেও চরম সন্ত্রাসী হুমকি মোকাবিলায় ‘পরিচয়হীন’ আদালতের ব্যবস্থা রয়েছে। মূলত বিচারক ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা